
রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় এসেছেন রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি ধারণ করা হয়েছে গুলশান এভিনিউ এলাকায়। ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অনেক গাড়ি আটকে আছে। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে এক পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় ওই পথচারীর ব্যাগ মনিকার কনুইয়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তাকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে দেখা যায়। কয়েক মুহূর্ত ধরে চলা এই ঘটনায় আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকে হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
ভিডিওর শেষদিকে দেখা যায়, মারধরের পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পথচারীকে মারধরের সমালোচনা করেছেন। তবে কেউ কেউ দাবি করেছেন, ওই ব্যক্তি নাকি মনিকার প্রতি অশোভন আচরণ করেছিলেন।
পরবর্তীতে গণমাধ্যমকে মনিকা কবির জানান, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেন এবং ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এমনকি আপত্তিকরভাবে তাকে স্পর্শও করেছেন বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, মূলধারার মডেলিং জগতে খুব বেশি পরিচিত না হলেও ইউটিউব সাক্ষাৎকার ও বিভিন্ন অনলাইন কনটেন্টে অংশ নিয়ে এর আগেও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন মনিকা কবির। এবার ঢাকার সড়কে পথচারীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি।

