
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁদের বিয়ে হয়েছে বলে দাবি করা হলে, সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শোয়েব মালিক ও ভানিজা সাত্তারের বিয়ে নিয়ে নানা আলোচনা। বিষয়টি নজরে আসার পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বিরক্তির কথা জানান ভানিজা।
অভিনেত্রী লেখেন, ‘ও মাই গড, সবাই! আবার শুরু হলো!’
এরপর ভুয়া খবর ছড়ানোর প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিশ্বে আলোচনার মতো কত বিষয় রয়েছে। অথচ কিছু মানুষ কেবল দর্শকসংখ্যা বাড়ানোর আশায় অন্যের নামে মিথ্যা খবর তৈরি করে ছড়িয়ে দিচ্ছেন।
শোয়েব মালিকের সঙ্গে ভানিজা সাত্তারের বিয়ের গুঞ্জন অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। সে সময় তিনি জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তাঁর কখনো সামনাসামনি দেখাই হয়নি। ফলে তাঁদের বিয়ে নিয়ে এমন গুঞ্জন কীভাবে ছড়িয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি।
ভানিজা জানান, শুরুতে বিষয়টিকে নিছক মজা হিসেবে নিয়েছিলেন। কিন্তু পরে বন্ধু ও আত্মীয়স্বজনেরা ফোন করে তাঁর পরিবারের কাছে খবরটির সত্যতা জানতে চাইলে পরিস্থিতি বিব্রতকর হয়ে ওঠে।
বারবার একই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ায় এবারও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই-বাছাই ছাড়া ভিত্তিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

