
চিত্রনায়িকা পরীমনির সুখের বড় ঠিকানা তাঁর দুই সন্তান। সম্প্রতি সন্তানদের নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে কাটানো আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের ভালো থাকার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো কাশবনের পাশে, কখনো সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে।
ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। অর্থাৎ, ‘আমার সুখ’। তাঁর এই ছোট্ট বার্তায় সন্তানদের ঘিরেই যে আনন্দের বড় অংশ, তা ফুটে উঠেছে।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমনি। পরে সাফিরা সুলতানা প্রিয়ম নামে এক কন্যাশিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে দুই সন্তানকে নিয়েই কাটছে এই অভিনেত্রীর জীবনের বড় একটি অংশ।

