
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন নয়। বয়স ষাট পেরোলেও তার জনপ্রিয়তা কমেনি। সম্প্রতি মেঙ্গালুরুর এক অনুষ্ঠানে এক ভক্তের ভালোবাসার প্রকাশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি।
অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলার সময় এক নারী ভক্ত শাহরুখকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনাকে খুব ভালোবাসি।” পরে মাইকে তিনি আরও বলেন, “আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।”
ভক্তের এমন কথায় হেসে ওঠেন শাহরুখ। নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি বলেন, “এই কথাটা তো গোপনে বলতে হতো।”
এরপর শাহরুখ ভক্তের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বলেন, তিনি ভালোবাসা বুঝতে পারেন। একই সঙ্গে ওই ভক্তের স্বামী ও পরিবারের প্রতিও ভালোবাসা জানান।
অনুষ্ঠানে শাহরুখ তার জনপ্রিয় কিছু গানের সঙ্গে নাচেন এবং ভক্তদের সঙ্গে সময় কাটান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অভিনেতা না হলে হয়তো শিক্ষক হতে পছন্দ করতেন।

