
দীর্ঘ ও সুস্থ জীবনের রহস্য খুঁজতে ব্রাজিলের তিন সহোদরার ডিএনএ পরীক্ষা শুরু করেছেন বিজ্ঞানীরা। এই তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর। সম্প্রতি তাদের বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ‘বোন ত্রয়ী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ডিএনএ লোঞ্জেভো প্রকল্প’-এর আওতায় তিন বোনের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করছেন। বিজ্ঞানীদের লক্ষ্য, এমন কিছু সুরক্ষামূলক জিন শনাক্ত করা, যা বার্ধক্যজনিত রোগ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
তিন বোন হলেন—১০৯ বছর বয়সী লেভিতা দে দেউস নুনেস, ১০৪ বছর বয়সী জোরাইদে দে দেউস মোতা এবং ১০৩ বছর বয়সী জুলিনা দে দেউস নুনেস। তারা রিও ডি জেনিরোর বাসিন্দা।
গবেষকদের ধারণা, দীর্ঘায়ুর পেছনে বংশগত বৈশিষ্ট্যের পাশাপাশি পারিবারিক বন্ধন, সামাজিক সমর্থন ও জীবনযাপনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিন বোন নিজেদের দীর্ঘ জীবনের কারণ হিসেবে সাধারণ জীবনযাপন ও স্বাস্থ্যকর খাবারের কথা বলেছেন। ছোটবেলায় তারা নদীতে সাঁতার কাটা, মাছ ধরা এবং তাজা খাবারের ওপর নির্ভর করতেন।
গবেষকরা শতায়ু মানুষদের নিয়ে আরও বড় পরিসরে গবেষণা করতে চান। তাদের আশা, এই গবেষণা ভবিষ্যতে মানুষের বার্ধক্য, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্থ জীবন সম্পর্কে নতুন তথ্য দিতে পারে।

