পক্ষ ত্যাগ করছেন কনজার্ভেটিভ এমপি মাইকেল মা

পক্ষ ত্যাগ করছেন কনজার্ভেটিভ এমপি মাইকেল মা - the Bengali Times
কানাডার অন্টারিও প্রদেশের মারখামইউনিয়নভিল আসনের কনজার্ভেটিভ এমপি মাইকেল মা দল ত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দিচ্ছেন

কানাডার অন্টারিও প্রদেশের মারখাম–ইউনিয়নভিল আসনের কনজার্ভেটিভ এমপি মাইকেল মা দল ত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর এই ফ্লোর ক্রসিংয়ের ফলে হাউস অব কমন্সে লিবারেল পার্টির আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১টিতে, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের থেকে মাত্র কয়েকটি আসন কম।

এবারই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া মাইকেল মা তাঁর বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি সতর্কতার সঙ্গে নিজের নির্বাচনী এলাকা মারখাম–ইউনিয়নভিলের বাসিন্দাদের মতামত শুনেছেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেছেন। এসব বিবেচনার পরই তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন সরকারি ককাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এই সিদ্ধান্তের কথা তিনি স্পিকার এবং বিরোধীদলের নেতাকেও অবহিত করেছেন।

- Advertisement -

বিবৃতিতে মাইকেল মা আরও লেখেন, “এটি এখন একতাবদ্ধ থাকার সময়। কানাডার ভবিষ্যতের জন্য কার্যকর ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে জরুরি।” তিনি বলেন, প্রতিদিন যেসব অগ্রাধিকারের কথা তিনি ভোটারদের কাছ থেকে শুনছেন বিশেষ করে ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং অর্থনীতিকে শক্তিশালী করার বিষয় সেগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী কার্নি দৃঢ় ও বাস্তবানুগ মনোভাব দেখাচ্ছেন।

মাইকেল মার এই দলবদল রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা তৈরি করেছে, বিশেষ করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে। কনজার্ভেটিভ এমপি টড ডোহার্টির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট অনুযায়ী, বুধবার রাতেই কনজার্ভেটিভ পার্টির বড়দিন উপলক্ষে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন মাইকেল মা। সেখানে তিনি কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরের সঙ্গে ছবির জন্য পোজও দিয়েছিলেন। কিন্তু মাত্র একদিন পরই তিনি লিবারেল পার্টিতে যোগ দেওয়ার ঘোষণা দেন।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে অটোয়ায় অনুষ্ঠিত লিবারেল পার্টি অব কানাডার বার্ষিক হলিডে পার্টিতে মাইকেল মা উষ্ণ অভ্যর্থনা পান। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তাঁকে স্বাগত জানানো হয়, যা তাঁর নতুন রাজনৈতিক অবস্থানকে কার্যত আনুষ্ঠানিক রূপ দেয়।

উল্লেখ্য, গত নভেম্বর থেকে এখন পর্যন্ত তিনজন এমপি কনজার্ভেটিভ পার্টি ছেড়েছেন। মাইকেল মা তাদের মধ্যে তৃতীয়। এর আগে ৪ নভেম্বর ফেডারেল বাজেট উপস্থাপনের কয়েক ঘণ্টা পরই নোভা স্কশিয়ার এমপি ক্রিস ডি’এন্ট্রেমন্ট কনজার্ভেটিভ ত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দেন। সে সময় তিনি বলেছিলেন, বিরোধীদলের নেতা যে আদর্শিক দৃষ্টিভঙ্গির কথা বলছেন, তার সঙ্গে তিনি আর নিজেকে মানিয়ে নিতে পারছেন না।

এছাড়া একই সপ্তাহে আলবার্টার এমপি ম্যাট জেরোক্সের ফ্লোর ক্রসিংয়ের গুজব ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। যদিও পরে তিনি জানান, তিনি আগামী বসন্তে কনজার্ভেটিভ পার্টি থেকে পদত্যাগ করবেন, তবে সরাসরি লিবারেল পার্টিতে যোগ দেওয়ার বিষয়টি তখন নিশ্চিত করেননি।

পরপর কয়েকজন এমপির দলত্যাগ কনজার্ভেটিভ পার্টির ভেতরে চাপ ও মতাদর্শগত টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্যদিকে, লিবারেল পার্টির জন্য এটি সংসদে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles