
সংখ্যালঘু লিবারেল সরকারের প্রধান প্রকল্প আইন পাস করতে শুক্রবার সন্ধ্যায় এর পক্ষে ভোট দিয়েছেন কনজার্ভেটিভ এমপিরা। এর ফলে কানাডা দিবসের আগেই এটি আইনে পরিণত হবে বলে মনে করা হচ্ছে।
বিল সি-৫ বা কানাডিয়ান ইকোনমিক অ্যাক্ট নামে পরিচিত আইনটির ফলে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ও ফাস্ট-ট্র্যাক বিভিন্ন প্রকল্প অনুমোদনে সরকার সবুজ সংকেত দিতে পারবে। মার্কিন শুল্কের জবাবে একে সরকারের অভ্যন্তরীণ অর্থনীতে মূল বলে দাবি করেছে লিবারেলরা।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, এগুলোই যুক্তরাষ্ট্র থেকে আমাদের আলাদা করে। এগুলোই যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদের বেশি স্বাদীন করে। এটাই আমাদের সামনে এগিয়ে নেবে।
তিনি বলেন, দ্রুত আইনটি পাস করার দরকার ছিল। কারণ, আমরা সংকটের মধ্যে রয়েছি। আর আপনি যদি মনে করে থাকেন যে, আপনি সংকটের মধ্যে নেই তাহলে সল্ট মেরিতে যান, হ্যামিল্টনে যান, উইন্ডসরে যান।
বিলটি উত্থাপন করা হয় ৬ জুন। মঙ্গল ও বুধবার কমিটির আট ঘণ্টা যাচাই বাছাইয়ের পর তা হাউস অব কমন্সে যায়। দুই দফা ভোটের পর কার্নি ফ্লোর ক্রস করে বিরোধী দলের নেতা অ্যান্ড্রু শিয়ার এবং কনজার্ভেটিভ উপনেতা মেলিসা ল্যান্টসম্যানের সঙ্গে করমর্দন করেন।
আইনটির ওপর একটির পরিবর্তে দুটি ভোট হয়। কারণ হিসেবে হাউস স্পিকার বলেন, আইনটিতে দুটি স্পষ্ট অংশ রয়েছে। বিলের প্রথম অংশের পক্ষে ভোট দেন ব্লক কুইবেকোয়িস এবং এনডিপির এমপিরা। বিলের এই অংশে অভ্যন্তরীণ বাণিজ্য বাধা মোকাবিলার কথা বলা আছে। কিন্তু দ্বিতীয় অংশের বিপক্ষে ভোট দেন তারা। এই অংশেই প্রধান প্রধান প্রকল্পগুলোর ব্যাপারে বলা আছে।
কার্নি বলেন, আইনের আওতায় প্রাদেশিক ও আঞ্চলিক প্রিমিয়াররা সরকারকে সেইসব প্রকল্পের তালিকা দিয়েছেন যেগুলো তারা ফাস্ট-ট্র্যাক হিসেবে দেখতে চান। কিন্তু প্রকল্পের জাতীয় কোনো তালিকা এখনো তৈরি হয়নি।
হাউস অব কমন্সের অধিবেশন সেপ্টেম্বর পর্যন্ত মূলতবী ঘোষণা করা হয়েছে। বিলটি এখন সেনেট যাবে। ২৭ জুন সেনেটের অধিবেশন বসার কথা রয়েছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

