
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের অভিনয়জীবনের মতো ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে শুরু করে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি—বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কোনো সম্পর্কের কথা নিজেই প্রকাশ করেছেন, আবার কোনোটি শেষ পর্যন্ত গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক সুস্মিতার আলোচিত প্রেমের গল্পগুলো।
১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া ও একই বছর মিস ইউনিভার্সের মুকুট জিতে আন্তর্জাতিক পরিচিতি পান সুস্মিতা। বলিউডে পা রাখার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়।
অভিনেত্রীর প্রেমের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। ২০০৮ সালে একটি নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করার সময় তাদের পরিচয়। ২০১৩ সালে দুজনের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সুস্মিতা সেই খবর উড়িয়ে দিয়ে জানান, আকরাম তার বন্ধু এবং বন্ধুই থাকবেন। আকরামও বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
বলিউডে অভিষেকের সময় চিত্রনাট্যকার বিক্রম ভাটের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে অভিনেতা রণদীপ হুদার সঙ্গেও সম্পর্কে জড়ান সুস্মিতা। ২০০৬ সালে শুরু হওয়া সেই সম্পর্ক প্রায় তিন বছর স্থায়ী হয়েছিল।
এ ছাড়া নির্মাতা মুদাসসর আজিজ ও মুম্বাইয়ের ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও তার প্রেমের খবর প্রকাশিত হয়।
মডেল রেহমান শালের সঙ্গে সুস্মিতার সম্পর্কও ছিল বেশ আলোচিত। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০২১ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর জানান অভিনেত্রী। তবে সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব অটুট থাকার কথা জানিয়েছিলেন তিনি।
এরপর ২০২২ সালের জুলাইয়ে নতুন করে আলোচনায় আসেন সুস্মিতা। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একাধিক ছবি প্রকাশ করে প্রেমের সম্পর্কের কথা জানান। মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিয়ের গুঞ্জন। তবে সুস্মিতা স্পষ্ট করে দেন, তাদের বিয়ে হয়নি, এমনকি আংটিবদলও করেননি তারা।
প্রেমের নানা অধ্যায়ের পাশাপাশি মাতৃত্বের সিদ্ধান্তেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন সুস্মিতা। ২০০০ সালে রেনে এবং ২০১০ সালে আলিশাহ নামে দুই কন্যাসন্তান দত্তক নেন তিনি। ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ সিরিজের মাধ্যমে অভিনয়ে ফেরেন।
২০২৪ সালে রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন সুস্মিতা। সেখানে জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি।

