গোয়ালন্দ থেকে টরন্টো

গোয়ালন্দ থেকে টরন্টো - the Bengali Times
১৯৮৯ সালের ঘটনা তখন রাজবাড়ী জেলার উন্নয়ন সমন্বয়কারী মন্ত্রী ছিলেন তৎকালীন পুর্তমন্ত্রী ও পিরোজপুরের এমপি মোস্তফা জামাল হায়দার

আজ সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে আমার নিজ উপজেলা গোয়ালন্দের ঐতিহ্যবাহী জামতলা হাট এলাকার একতা যুব সংঘের উদ্যোগে কয়েকজন বিশিষ্ট সমাজ সেবক ও স্থানীয় গণ্যমান্য প্রয়াত ব্যক্তিবর্গের স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন দেখে খুব ভালো লাগলো।  আমি সকলের আত্মার মাগফেরাত কামনা করে দুটো স্মৃতিচারণ করার সুযোগ নিতে চাই।

১৯৮৯ সালের ঘটনা। তখন রাজবাড়ী জেলার উন্নয়ন সমন্বয়কারী মন্ত্রী ছিলেন তৎকালীন পুর্তমন্ত্রী ও পিরোজপুরের এমপি মোস্তফা জামাল হায়দার। তাঁর গোয়ালন্দ হয়ে রাজবাড়ী আসার সংবাদে হঠাৎ করে মাথায় দুটো আইডিয়া এলো। ভাবলাম, মন্ত্রীরা যখন আসে সাধারণত শহর এলাকা পরিদর্শন করেন, প্রশাসন ও এলিট শ্রেণির লোকজনের সাথে সভা করেন, নানা ধরনের কার্যক্রম করেন, আবার দিনশেষে রাজধানী ঢাকায় ফেরত চলে যান। বিশেষ করে ভিন্ন জেলার সংসদ সদস্য যিনি মন্ত্রী হয়ে অপর একটি জেলার উন্নয়ন সমন্বয়কারী হয়েছেন তারতো সেই এলাকার ভোটের দরকার হয় না। ফলে গ্রামে গন্জে তেমন একটা ভিজিট করেন না। তখন আমি ভাবলাম এই মন্ত্রীকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কম্মিনকালেও কেউ চিন্তা করবে না যে সেখানে কখনো কোন মন্ত্রী যেতে পারে। গোয়ালন্দ সদর থেকে আনুমানিক সাত আট মাইল দুরে রিমোট চরাঞ্চল দৌলতদিয়ার কুশাহাটা ও তার সম্পুর্ণ উল্টা দিকে ফরিদপুর জেলার সীমান্তবর্তী উজানচর ইউনিয়নের জামতলা হাট এলাকায় মন্ত্রীকে নিয়ে যাবার প্লান করলাম। ভাবলাম তাতে করে ঐ দুই দুর্গম দুরবর্তী এলাকার কিছু উন্নয়নমুলক কাজও হবে এবং গ্রামবাসীও খুশী হবেন এবং সম্মানিত বোধ করবেন। তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আব্দুল লতিফ সাহেবের সাথে আলাপ করলাম এবং তিনিও একমত পোষণ করলেন ও সহযোগিতা করলেন। মন্ত্রী আসার কথা ছিল সকালের দিকে, যাতে দুটো এলাকা কাভার করা সম্ভব হয় কিন্তু মন্ত্রী যখন ঢাকা থেকে এলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। ফলে কুশাহাটা যাওয়া আর সম্ভব হলো না তবে তাকে নিয়ে আমরা জামতলা হাট রওয়ানা হলাম। উল্লেখ্য যে সে সময় জামতলা হাট যেতে এখনকার মত পাকা রাস্তা ছিল না, ব্রীজ ছিল না। ফলে নদীর পাড় দিয়ে রাতের অন্ধকারে আমরা জামতলা রওয়ানা হলাম। উচুঁ নীচু খানাখন্দ পার হতে গিয়ে একবার মন্ত্রীর গাড়িটি প্রায় নদীর মধ‍্যে পড়ে যাবার উপক্রম হয়েছিল, কিভাবে যে সেদিন রক্ষা পেয়েছিলাম আল্লাহ জানেন। যাই হোক, শত শত লোক সেদিন সকাল থেকে জামতলা হাটে অপেক্ষা করছিলেন। সন্ধার পর আমরা সেদিন মন্ত্রীর সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছিলাম এবং সেদিন মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে দিয়ে আমরা তৎকালীন জামতলা জুনিয়র হাইস্কুলের উন্নয়নের জন‍্যে সাতশত মন চাউল বরাদ্দ করাতে পেরেছিলাম। যা দিনশেষে আমাদের কষ্টকে সার্থকতা দিয়েছিল।

- Advertisement -

অপর একটা ঘটনা। ১৯৯০ সাল। তখন আমি উপজেলা চেয়ারম্যান। উপজেলা পরিষদে আমার সাথে দেখা করতে এলো জামতলা একতা ক্লাবের একদল তরুণ যুবক। তারা এসে বললো জামতলা হাট ইজারা নিতে এসেছে। ওরা বললো, হাট ইজারা পেলে ওখানকার লভ‍্যাংশ দিয়ে তারা জামতলা জুনিয়র হাইস্কুল ও একতা ক্লাবের উন্নয়ন কার্যক্রম ও দৈনন্দিন খরচ পরিচালনা করতে পারবে ও এতে ওদের অনেক উপকার হবে। তখন সেই হাটের ইজারা মুল‍্য ছিল দশ হাজার টাকা।  ভাবলাম, ওরা যদি ক্লাবের বা নিজেদের টাকা দিয়ে ইজারা নেয় তবে আগে ওদের আসল টাকা ইজারা তুলে উঠাতে হবে, তারপর ইজারা কালেক্টরদের খরচ বা বেতন নেবার পর যে লাভ থাকবে, সেই সামান‍্য টাকা দিয়ে ক্লাব ও স্কুলের কতটুকুই বা উপকার হবে! তখন আমি তাদেরকে আমার পকেট থেকে ইজারার মুল দশ হাজার টাকা দিয়ে বললাম, হাট নিয়ে নাও। অন‍্য কেউ প্রতিদ্বন্দ্বী নেই। ইজারার এই পূঁজির টাকা আমাকে ফেরত দিতে হবে না। আসল এবং লভ্যাংশ পুরোটাই তোমাদের স্কুল ও ক্লাবের উন্নয়নে ব‍্যয় করবে।

আজ সেই জুনিয়র স্কুল পুর্নাঙ্গ হাইস্কুল হয়েছে এবং চমৎকার ভাবে চলছে। কেউ হয়তো এসব কথা স্মরণও করে না। তবে আমার সান্তনা যে গোয়ালন্দের তৎকালীন প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন‍্যে আমি এবং আমার সাথে যারা ছিলেন সকলেই যথাসাধ্য চেষ্টা করেছি। এসব বিষয়ে আমার নিজস্ব ওয়েবসাইটে খুব শীঘ্রই বিস্তারিত উল্লেখ থাকবে বলে আশা করি।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles