
‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’—হোয়াটসঅ্যাপে শিশুটির বাবাকে এমন ভয়েস বার্তা পাঠানোর কিছুক্ষণ পরই চার বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। রাজধানীর বনশ্রীতে আসফিয়া জাহান নূর নামে ওই শিশুর মৃত্যুতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মা মেহেরুননেসাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রামপুরার বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
শিশুটির দূরসম্পর্কের আত্মীয় দাদি ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার দিন বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের একবার দেখা যায়—এমন সুবিধা ব্যবহার করে শিশুটির বাবা আশরাফুল হক ইমনকে প্রথমে একটি কণ্ঠবার্তা পাঠান। সেখানে বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি।’ এরপর আরেকটি কণ্ঠবার্তায় বলেন, ‘আমি তোর মাইয়্যারে মাইরা ফেলাইছি।’
বার্তা দুটি শোনার পর ইমন তার বাড়িওয়ালা এমদাদুল হককে ফোন করে বিষয়টি জানান এবং বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। বাড়িওয়ালা সেখানে পৌঁছালে মেহেরুননেসা তাকে বলেন, ‘আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশে ধরিয়ে দিন, যা ইচ্ছা তাই করুন।’
পরে বাড়িওয়ালা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। বিয়ের প্রথম বছর ভালো কাটলেও পরবর্তী পাঁচ বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। দুই পরিবারের সদস্যরা একাধিকবার বসে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও কিছুদিন পর আবারও দাম্পত্য জীবনে অশান্তি শুরু হতো।
ফরিদা ইয়াসমিনের অভিযোগ, মেহেরুননেসা প্রায়ই তার স্বামীকে শারীরিক নির্যাতন করতেন। তার অতিরিক্ত রাগ ও অভিমানের কারণেই সংসারে অশান্তি লেগে থাকত বলে দাবি করেন তিনি।
জানা গেছে, অভিযুক্ত মেহেরুননেসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তিনি মৃত মহসীনের মেয়ে। অন্যদিকে শিশুটির বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে কাজ করে সংসার চালান।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, ৯৯৯-এ খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রীর ওই বাসার তৃতীয় তলা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিশুটিকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার মা মেহেরুননেসাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না। এ ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ আজিমপুরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পরিবার।

