মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাজকে বেছে নিলেন মা সেলিয়া

মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাজকে বেছে নিলেন মা সেলিয়া - the Bengali Times
সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসছে তরুণ ফরোয়ার্ড নিকো পাজের নাম

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে আলোচনা। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসছে তরুণ ফরোয়ার্ড নিকো পাজের নাম। এবার মেসির মা সেলিয়া কুচিত্তিনিও নাকি নিজের ছেলের যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন এই তরুণকে।

সম্প্রতি আর্জেন্টাইন ফ্যাশন ডিজাইনার ও ফুটবল বিশ্লেষক ফ্যাবিয়ান পাজের এক সাক্ষাৎকারে বিষয়টি সামনে এসেছে। ফ্যাবিয়ান সম্পর্কে নিকো পাজের চাচা। রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মেসির বিদায়ী ম্যাচের পর নিকোর সঙ্গে দেখা হয়েছিল সেলিয়ার। সে সময় আবেগাপ্লুত হয়ে নিকোর হাত ধরে তাকে ছেলের উত্তরসূরি বলে অভিহিত করেন মেসির মা।

- Advertisement -

ঘটনাটি স্মরণ করে ফ্যাবিয়ান বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে আমি যখন নিকোকে দেখতে গিয়েছিলাম, তখন সে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসে। সেখানে মেসির মা ছিলেন। তিনি আবেগে ভেঙে পড়েছিলেন, কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, তুমিই আমার ছেলের উত্তরসূরি।’

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়টি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ শেষে ড্রেসিংরুমের বাইরে সেলিয়ার সঙ্গে নিকোর সেই সাক্ষাৎ হয়।

তবে মেসির উত্তরসূরি হওয়ার মতো বড় স্বীকৃতি পেলেও বিষয়টি নিয়ে খুব একটা ভাবছেন না ২২ বছর বয়সী নিকো। বরং ফুটবল উপভোগ করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

চাচা ফ্যাবিয়ানের ভাষায়, নিকো অত্যন্ত শান্ত ও বিনয়ী স্বভাবের। নিজেকে কখনো মেসির উত্তরসূরি মনে করেন না তিনি। মেসির সঙ্গে দেখা করা এবং একই দলে তার পাশে খেলার সুযোগ পাওয়াকেই জীবনের বড় অর্জন হিসেবে দেখেন এই তরুণ।

ফ্যাবিয়ান বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির কাছাকাছি থাকা মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং একসঙ্গে খেলা। তার কাছে সেটা ছিল যেন আকাশ ছুঁয়ে ফেলা।’

স্পেনের টেনেরিফে জন্ম ও বেড়ে ওঠা নিকো আর্জেন্টিনায় বসবাস করেন না। জাতীয় দলের হয়ে খেলতে দেশে এলে আর্জেন্টাইন সমর্থকদের ফুটবল নিয়ে উন্মাদনা তাকে বিস্মিত করে। দেশের বাইরে বেড়ে ওঠার কারণে আর্জেন্টিনার ফুটবল নিয়ে অন্য খেলোয়াড়দের মতো অতটা চাপ অনুভব করেন না বলেও জানিয়েছেন তার চাচা।

রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা নিকো ইতিমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের অবস্থান শক্ত করেছেন। সর্বশেষ পাঁচ ম্যাচে ছয় গোল করেছেন তিনি। কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন।

তরুণ এই ফুটবলারের পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও। নিকোর মধ্যে আরও উন্নতির সম্ভাবনা দেখছেন তিনি।

স্কালোনি বলেন, ‘নিকো এমন একজন খেলোয়াড়, যার কাছ থেকে আরও বেশি কিছু পাওয়ার আছে। কোস্টারিকার বিপক্ষে সে খুব ভালো খেলেছে, উরুগুয়ের বিপক্ষেও ভালো খেলেছিল। তাকে দেখে মনে হয়, সে সত্যিকারের একজন ফুটবলার। সে এখনো তরুণ, তাই আমরা তার যত্ন নেব। তবে তাকে নিয়ে আমরা খুবই খুশি।’

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবেন, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং মেসির মায়ের আবেগঘন স্বীকৃতিতে নিকো পাজ যে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকাদের অন্যতম হয়ে উঠছেন, তা বলার অপেক্ষা রাখে না।

- Advertisement -

Related Articles

Latest Articles