‘এখনো ছয় আঙুল বাকি’, চার বিয়ে নিয়ে কটাক্ষের মজার জবাব জেনিফার লোপেজের

‘এখনো ছয় আঙুল বাকি’, চার বিয়ে নিয়ে কটাক্ষের মজার জবাব জেনিফার লোপেজের - the Bengali Times
জেনিফার লোপেজ

চারবার বিয়ে, চারবারই সম্পর্কের ভাঙন—হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। একের পর এক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয় এই গায়িকা ও অভিনেত্রীকে। তবে এবার সমালোচনার জবাব দিয়েছেন বেশ রসিকতার সঙ্গেই। বলেছেন, ‘এখনো ছয় আঙুল বাকি।’

নিউইয়র্কে ‘দ্য জেএলও শো’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন জেনিফার। সেখানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে কথা বলার সময় এক ভক্ত তাকে উদ্দেশ করে মজার ছলে বলেন, ‘আপনার তো আরও ছয়টি আঙুল আছে।’

- Advertisement -

মূলত দুই হাতের ১০টি আঙুলের সঙ্গে জেনিফারের চার বিয়ের হিসাব মিলিয়েই এমন মন্তব্য করেন ওই ভক্ত। তার কথা শুনে হেসে ওঠেন এই তারকা। জবাবে বলেন, ‘হ্যাঁ, আছে।’ মন্তব্যটিকে নিজের শোনা সবচেয়ে মজার কথাগুলোর একটি বলেও উল্লেখ করেন তিনি।

এমনকি ওই মন্তব্য টি-শার্টে ছাপানোর ইচ্ছাও প্রকাশ করেন জেনিফার। ভবিষ্যতে বিচ্ছেদ নিয়ে কেউ প্রশ্ন করলে ‘আমার আরও ছয়টি আঙুল বাকি’—এমন উত্তর দেবেন বলেও রসিকতা করেন। তবে হাস্যরসের মধ্যেই কিছুটা গম্ভীর হয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমার মধ্যে আর সেই শক্তি আছে।’

জেনিফারের বিয়ে ও বিচ্ছেদের ইতিহাস বেশ দীর্ঘ। ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এক বছরের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করলেও ২০০৩ সালে বিচ্ছেদ ঘটে।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। এই সংসারে জন্ম নেয় তাদের যমজ সন্তান ম্যাক্স ও এমি। ২০১১ সালে আলাদা হয়ে যান তারা। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এরপর পুরোনো প্রেমিক অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ান জেনিফার। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে বিয়ে করেন তারা। তবে সেই সম্পর্কও টেকেনি। ২০২৪ সালে বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়।

ব্যক্তিজীবনের নানা আলোচনা পেছনে ফেলে আবারও সংগীতের মঞ্চে ফিরছেন এই তারকা। আগামী ২৬ নভেম্বর থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে তার সংগীত আয়োজন ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’। নতুন পরিবেশনায় ভক্তদের মাতানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles