
টরন্টোর স্কারবোরো এলাকার হাইল্যান্ড ক্রিকে প্রধান পানির পাইপ ভেঙে সাদা ও বিবর্ণ পানি ছড়িয়ে পড়ার ঘটনায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। তবে দূষিত পানির প্রভাব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কমিউনিটির কয়েকজন সদস্য।
মঙ্গলবার টরন্টো রেডিট পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ব্রিমলি রোডের পূর্ব পাশে ফিঞ্চ অ্যাভিনিউ ইস্টের ঠিক দক্ষিণে অবস্থিত হাইল্যান্ড ক্রিকে দ্রুতগতিতে সাদা রঙের একটি পদার্থ মিশে পড়ছে। ভিডিওটি প্রকাশের পর একজন ব্যবহারকারী প্রশ্ন তোলেন, কী কারণে খাড়ির পানি সাদা হয়ে গেছে?
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর টরন্টো সিটি কর্তৃপক্ষের কাছে একের পর এক অভিযোগ জমা পড়ে। পরে মডারেটর পোস্টটি সরিয়ে নেন।
মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, ক্রুরা বিবর্ণ পানি যাতে খাড়ির আরও নিচের দিকে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য পানির প্রবাহ বন্ধ বা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও পানির প্রবাহ পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি।
ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে জানতে মঙ্গলবার টরন্টো সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। টরন্টো ওয়াটারের পরিবেশ ও জরুরি পরিস্থিতি বিভাগের পরিচালক লিজা বালান্টাইন এক বিবৃতিতে জানান, পানির প্রধান পাইপটি ভেঙেছে ১৫৭১ স্যান্ডহার্স্ট সার্কেলে, যেখানে উডসাইড স্কয়ার শপিং মল অবস্থিত। তিনি জানান, পাইপ ভাঙার ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ মিটার পূর্ব দিকে পানি বেরিয়ে আসার ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে খাড়ির পানির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং দূষিত পানির বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পানিতে ঠিক কী ধরনের পদার্থ মিশেছে, পরিবেশের ওপর এর সম্ভাব্য প্রভাব কতটা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হতে কত সময় লাগবে এসব বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

