
অভিনয়জগতে পা রাখার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকেই এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, যা আজও ভুলতে পারেননি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালকের কাছ থেকে পেয়েছিলেন আপত্তিকর প্রস্তাব। নির্জন ও অন্ধকার জায়গায় নিয়ে তাকে চুমু খাওয়ার প্রস্তাব দেন ওই পরিচালক। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন দেবিনা। তিনি জানান, একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাকে কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন অভিনয়জগতে একেবারেই নতুন ছিলেন তিনি। পরিচালকের প্রস্তাবে সরাসরি না বলার সাহস কিংবা পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা কোনোটিই ছিল না তার।
তবে শুরু থেকেই বিষয়টি নিয়ে অস্বস্তি হচ্ছিল দেবিনার। তারপরও অনেকটা অনিচ্ছা সত্ত্বেই পরিচালকের গাড়িতে ওঠেন তিনি।
গাড়ি চলতে চলতে একপর্যায়ে নির্জন ও অন্ধকার একটি জায়গায় গিয়ে থামেন পরিচালক। এরপর দেবিনাকে চুমু খাওয়ার প্রস্তাব দেন। এমন পরিস্থিতিতে রীতিমতো ভয় পেয়ে যান অভিনেত্রী। অচেনা জায়গায় নিজেকে অসহায় মনে হচ্ছিল তার। ওই ব্যক্তি কোনো ক্ষতি করে বসেন কি না, সেই আশঙ্কাও তাড়া করছিল তাকে।
দেবিনা জানান, শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে কাঁপা গলায় নিজের অস্বস্তির কথা পরিচালকের কাছে তুলে ধরেন। স্পষ্ট জানিয়ে দেন, এমন পরিস্থিতিতে তিনি স্বচ্ছন্দ নন।
জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দেবিনা আরও জানান, গুরমীত চৌধরী তার জীবনে আসার পর নিরাপত্তা ও নির্ভরতার প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। স্বামীর মধ্যেই খুঁজে পেয়েছেন সেই নিরাপদ আশ্রয়।
দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন দেবিনা। পরে হিন্দি টেলিভিশনে কাজ করে পরিচিতি পান। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। একই ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমীত চৌধরী।
পর্দার এই জুটি পরবর্তী সময়ে বাস্তব জীবনেও একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। বর্তমানে দুই সন্তান নিয়ে সংসার করছেন দেবিনা ও গুরমীত।

