
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে ডেকে এ নির্দেশ দেওয়া হয় বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এ সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র ছিল। অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওতে ইশরাককে চিৎকার করে লোকজনকে ধরার নির্দেশ দিতে দেখা যায়। ওই দিন বিকেলে নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় ভিডিওটি প্রকাশ করলেও পরে তা সরিয়ে নেওয়া হয়।
বিতর্কের পর রোববার নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দেন ইশরাক। তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো বিবৃতিতে প্রতিমন্ত্রী দাবি করেন, কাউকে ভয় দেখানো বা গুলি করার উদ্দেশ্যে তিনি অস্ত্র প্রদর্শন করেননি। মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
ইশরাকের ভাষ্য, গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছিলেন। অভিযানে যাওয়ার আগে তাঁর নিরাপত্তাঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছিল।
তিনি আরও দাবি করেন, একটি অস্থায়ী মাদকের আস্তানার কাছে পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি তাঁদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। সম্ভাব্য হামলা এড়াতে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা আত্মরক্ষার্থে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র যথাস্থানে রাখা হয়।
প্রতিমন্ত্রী জানান, প্রদর্শিত আগ্নেয়াস্ত্রটি যথাযথ কর্তৃপক্ষের দেওয়া লাইসেন্সপ্রাপ্ত। ঘটনার পর পুলিশকে অবহিত করা হয় এবং তাদের উপস্থিতিতে সন্দেহভাজন মাদকের আস্তানাগুলোতে যৌথ অভিযান চালানো হয়।
এদিকে, অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়ার খবরও প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর সামনে এল। তবে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি সরকারসংশ্লিষ্ট সূত্রের বরাতে পাওয়া তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে।

