
গরু-মহিষকে ঘাস খাওয়ানো থেকে শুরু করে মাছের খামার পরিচালনা—সব ক্ষেত্রেই চাঁদাবাজির অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, চাঁদা না দিলে মাছের খাবারে বিষ মেশানোর মতো ঘটনাও ঘটছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের এখন এই অবস্থা হয়েছে যে গরু-মহিষরে ঘাস খাওয়াইতে হইলেও চান্দা দিয়া খাওয়াইতে হয়। চান্দা না দিলে খামারের মাছের খাবারে বিষ মেশানো হয়।’
এলাকায় চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলা দায়েরের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নিজ এলাকায় এ ধরনের অন্যায় দেখলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অন্যায়ের প্রতিবাদে নিজেই রাজপথে নামবেন।
চাঁদাবাজির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।
মতবিনিময় সভায় তিনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

