
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা পুনিয়া বাগদান সম্পন্ন করেছেন। তিনি নিজেই এই ঘোষণা দিয়েছেন। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ এবং ‘গীত- হুঁই সবসে পরাই’-এর মতো সিরিয়ালে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন পবিত্রা। ফলে তার ভক্তের সংখ্যাও অগণিত। তাকে নিয়ে স্বপ্ন দেখেন অসংখ্য যুবক। কিন্তু তাদের মুখে ছাই দিয়ে তিনি বেছে নিয়েছেন জীবনসঙ্গী। বুধবার ইনস্টাগ্রামে একগুচ্ছ রোমান্টিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লকড ইন লাভ, মেড ইট অফিসিয়াল।
হ্যাশট্যাগ পবিত্রাপুনিয়া সুন টু বি মিসেস…’। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রসৈকতে এক স্বপ্নিল পরিবেশে প্রেমিক হাঁটু গেড়ে বসে আংটি পরাচ্ছেন পবিত্রাকে। পরের ছবিগুলোতে দু’জনকে দেখা যায় একে অপরের আলিঙ্গনে হারিয়ে যেতে। তবে প্রতিটি ছবিতেই রহস্য রেখে দেয়া হয়েছে। পবিত্রার বাগদত্তার মুখ আড়াল করে তোলা হয়েছে। ফলে কেউ জানতে পারছেন না কে এই রহস্যপুরুষ।
সম্প্রতি সাক্ষাৎকারে পবিত্রা জানিয়েছেন, তিনি আবারও প্রেমে পড়েছেন। তিনি আগেও অভিনেতা ও বিগ বস ১৪-এর সহ-প্রতিযোগী এজাজ খান-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তিন বছরের সম্পর্ক শেষে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পবিত্রা বলেন, আমাদের চিন্তাভাবনা মেলেনি। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তিন বছর পরও বুঝলাম যে মানসিকভাবে একসঙ্গে থাকা কঠিন। তখনই সিদ্ধান্ত নিই সম্পর্ক শেষ করাই ভালো। সাক্ষাৎকারে তিনি আরও জানান, তিনি একজন মার্কিন ব্যবসায়ী, একদমই অভিনেতা নন। খুব ভালো মানুষ, দয়ালু এবং স্থিরমস্তিষ্কের। আমরা বেশ কিছুদিন ধরে একসঙ্গে আছি এবং এখন সময়টা একদম ঠিক মনে হচ্ছে।
তিনি আরও বলেন, এবারের দীপাবলি তিনি তার নতুন সঙ্গী ও তার পরিবারের সঙ্গে বিদেশে উদযাপন করবেন। এজাজ খানের সঙ্গে সম্পর্ক ছিল অনেকটাই প্রকাশ্য। কিন্তু এবার পবিত্রা সিদ্ধান্ত নিয়েছেন নতুন সম্পর্কটি আপাতত গোপন রাখবেন। তার মার্কিন বাগদত্তার পরিচয় ও মুখ গণমাধ্যমের আড়ালে রেখেই তিনি জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন।

