জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী - the Bengali Times
সংগৃহীত ছবি

টালিউড ইন্ডাস্ট্রির ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। তার স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। এর বাইরে সব্যসাচীর আরও একটি পরিচয় হচ্ছে, তিনি জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর ভাই। গত কয়েক মাস ধরেই টালিপাড়ায় গুঞ্জন ছিল―বিচ্ছেদের পথে হাঁটছেন সুস্মিতা ও সব্যসাচী।

এতদিন বিচ্ছেদ গুঞ্জন থাকলেও এবার সেটিই সত্য হলো। মঙ্গলবার (১ জুলাই) অভিনেত্রী সুস্মিতার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর জানালেন তারা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সব্যসাচী এদিন লিখেছেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে আশার শেষতম শুভেচ্ছায় ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দুই তরফে মিলল না, মন খারাপ দুই তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!’

- Advertisement -

সবাইকে সমালোচনা বন্ধ করার অনুরোধ জানিয়ে সব্যসাচী লেখেন, “বাকিদের চর্চা, আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দুই তরফেই গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দু তরফের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন। আমাদের দু জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। প্লিজ।”

পরে এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সুস্মিতা রায় বলেন, “এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দুজনে মিলে যে পোস্ট করেছি ওইটুকুই সকলকে বলতে চাই। আমি কারো দিকে আঙুল তোলা বা কোনো কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপও করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দুজন দুজনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।”

‘কৃষ্ণকলি’ ধারাবাহিক নাটকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন সুস্মিতা। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনয় সকলের নজর কাড়ে।

- Advertisement -

Related Articles

Latest Articles