
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি হলেও চলচ্চিত্রে ‘পরীমনি’ নামেই পরিচিত তিনি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় চারটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে সাদা শাড়িতে গোলাপি পাড়, খোলা চুল ও সাধারণ গয়নায়। সাদামাটা সাজেও অভিনেত্রীর উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের।
ছবিগুলো নিজেই তুলেছেন পরীমনি। কোথাও হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, আবার কোথাও প্রকৃতির মাঝে আকাশের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
এক ভক্ত লিখেছেন, ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আকাশ থেকে নেমে এসেছে ডানা কাটা সাদা পরী।’ আরেকজন লিখেছেন, ‘পরী আছে, শুধু ডানা দুটো দরকার।’ কেউ আবার সাদা শাড়ি ও সাদামাটা সাজে তাকে ‘নিষ্পাপ পরী’ বলেও প্রশংসা করেছেন।
ছবি প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্য করেন প্রায় চার হাজার মানুষ। পাশাপাশি ছবিগুলো ব্যাপকভাবে শেয়ারও হয়েছে। এতে বোঝা যায়, পরীমনির সাদামাটা সাজও তার অনুসারীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
এদিকে অভিনয়ে বর্তমানে কিছুটা অনিয়মিত পরীমনি। নিজের পোশাকের ব্যবসা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি দুই সন্তানকে ঘিরেও রয়েছে তার পারিবারিক ব্যস্ততা।
সর্বশেষ কোরবানির ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় পর্দায় দেখা গেছে পরীমনিকে।

