বর আর্জেন্টিনার, কনে ব্রাজিলের সমর্থক—ভেঙে যায় বিয়ে

বর আর্জেন্টিনার, কনে ব্রাজিলের সমর্থক—ভেঙে যায় বিয়ে - the Bengali Times
ফুটবল নিয়ে মতপার্থক্য তাদের সম্পর্কে বড় ধরনের সংকট তৈরি করে

ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আবেগ আর সমর্থকদের খুনসুঁটি। সেই পরিচিত আবহকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। যেখানে ফুটবল সমর্থনের দ্বন্দ্ব গিয়ে ঠেকেছে বিয়ে ভাঙার মতো ঘটনায়।

নাটকের গল্পে দেখা যায়, মহল্লার দুই তরুণ-তরুণী আজিজ ও মানজিলের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত। কিন্তু ফুটবল নিয়ে মতপার্থক্য তাদের সম্পর্কে বড় ধরনের সংকট তৈরি করে। আজিজ আর্জেন্টিনা দলের সমর্থক, অন্যদিকে মানজিল ব্রাজিলের ভক্ত। বিশ্বকাপকে ঘিরে শুরু হওয়া এই প্রতিদ্বন্দ্বিতা একসময় তাদের বিয়ে ভেঙে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

- Advertisement -

গল্পের মোড় ঘুরতে থাকে যখন পুরো মহল্লা আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। পরে যুবকেরা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগালের নামে দল গঠন করে আয়োজন করে পাড়াভিত্তিক ‘বিশ্বকাপ টুর্নামেন্ট’।

নাটকে ফুটবলকে ঘিরে প্রেম, প্রতিশোধ, কুসংস্কার, পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে পতাকা বানানো, জার্সি নিয়ে তর্ক-বিতর্ক, রেফারিং বিতর্ক এবং ফুটবল উন্মাদনাজনিত নানা হাস্যরসাত্মক ঘটনা। গল্পে একটি মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাও রয়েছে, যা দর্শকদের আবেগাপ্লুত করবে।

তবে শেষ পর্যন্ত বিভেদ ভুলে সবাই একত্রিত হয়। নাটকটি ফুটবলকে সংঘাত নয়, বরং আনন্দ ও সম্প্রীতির মাধ্যম হিসেবে গ্রহণ করার বার্তা দেয়।

নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ ও ফাতেমা হীরাসহ অনেকে।

ধারাবাহিক ‘পাড়ার বিশ্বকাপ’ প্রতিদিন রাত ৯টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles