ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম - the Bengali Times
মো নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, বরং সংস্কার আদায়ের লক্ষ্যেই সংসদে যাবেন তারা।

মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী টিচার্স ট্রেইনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -

নাহিদ ইসলাম বলেন, “১২ তারিখ সংসদের অধিবেশন শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি, সেদিন ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার বলতে চাই— ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য এবং কবে উচ্চকক্ষ গঠন করা হবে সেটা দেখার জন্য।”

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ভারতে গ্রেফতারের খবর পাওয়া গেছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি হত্যার পেছনে থাকা মূল পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে এ উদ্যোগ দেশের জন্য তেমন সুফল বয়ে আনবে না। তিনি দ্রুত ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার, তাহসিন রিয়াজ এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতারা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা।

- Advertisement -

Related Articles

Latest Articles