রিওয়ার্ড পয়েন্ট নিয়ে ফোর্ড সরকারের সমালোচনায় লিবারেলরা

রিওয়ার্ড পয়েন্ট নিয়ে ফোর্ড সরকারের সমালোচনায় লিবারেলরা - the Bengali Times
অন্টারিওর নতুন আইন সংশোধনীকে ঘিরে রিওয়ার্ড পয়েন্টের ভবিষ্যৎ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে

অন্টারিওর নতুন আইন সংশোধনীকে ঘিরে রিওয়ার্ড পয়েন্টের ভবিষ্যৎ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রদেশের লিবারেল পার্টি অভিযোগ তুলেছে যে, ডগ ফোর্ড সরকারের প্রস্তাবিত বিল–৪৬ জনগণের অধিকার সংকুচিত করে বড় কর্পোরেশনগুলোর স্বার্থ রক্ষা করছে এবং এর ফলে সাধারণ অন্টারিওবাসী তাদের সঞ্চিত রিওয়ার্ড পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বেন। সরকার অবশ্য এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে আইনটি ভোক্তা সুরক্ষা আরও জোরদার করতেই আনা হচ্ছে।

সোমবার কুইন’স পার্কে সংবাদ সম্মেলনে অন্টারিওর লিবারেল এমপিপি স্টিফেন ব্লেইজ অভিযোগ করেন যে ফোর্ড সরকার “প্রায় গোপনীয়তার মধ্যে” একটি আইন আনছে, যার ফলে রিওয়ার্ড পয়েন্ট প্রতিদিনই মেয়াদোত্তীর্ণ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাঁর দাবি, বিল–৪৬–এর পাঁচ নম্বর অনুচ্ছেদে ভোক্তা সুরক্ষা আইনের যে অংশটি রিওয়ার্ড পয়েন্টের মেয়াদোত্তীর্ণ হওয়া থেকে সুরক্ষা দিত, সেটি বাস্তবে প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে।

- Advertisement -

ব্লেইজ আরও বলেন, প্রিমিয়ার ও মন্ত্রিসভার হাতে এমন ক্ষমতা দেওয়া হচ্ছে যাতে তারা জনমত ছাড়াই রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত নীতি পুনর্লিখন করতে পারেন। “এটা ভোক্তা সুরক্ষাকে দুর্বল করে কর্পোরেশনগুলোকে সুবিধা দেওয়ার একটি স্পষ্ট প্রচেষ্টা,” মন্তব্য ব্লেইজের। তাঁর দাবি, জনগণকে না জানিয়ে এমন একটি আইন আনা হচ্ছে যা কার্যত রিওয়ার্ড পয়েন্টের স্থায়িত্বকে অনিশ্চিত করে তুলবে ফলে বড়দিনের কেনাকাটা ও ছুটির মৌসুমে অনেকেই তাদের সঞ্চিত পয়েন্ট ব্যবহার করতে পারবেন না।

লিবারেলদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার স্পষ্ট ভাষায় জানায় রিওয়ার্ড পয়েন্ট কেড়ে নেওয়া বা মেয়াদ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং আইন সংশোধনের উদ্দেশ্য প্রশাসনিক জটিলতা কমানো এবং ভোক্তা নীতিমালা তৈরিতে মন্ত্রিসভার ক্ষমতা কিছুটা বাড়ানো।

পাবলিক অ্যান্ড বিজনেস সার্ভিস ডেলিভারি অ্যান্ড প্রকিউরমেন্ট মন্ত্রী স্টিফেন ক্রফোর্ড প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বলেন “লিবারেলদের দাবি সম্পূর্ণ ভুল। আমাদের বিলে এমন কোনো ব্যবস্থা নেই যা কোম্পানিগুলোকে রিওয়ার্ড পয়েন্ট কেড়ে নেওয়ার সুযোগ দেবে। বরং আমরা ভোক্তা সুরক্ষা আরও শক্তিশালী করছি।”

সরকারি কর্মকর্তারা জানান, ভোক্তা সুরক্ষা আইন পুনর্লিখনের উদ্দেশ্য হলো নীতিকে আরও সুসংহত করা, এবং দ্রুত পরিবর্তনশীল বাজার পরিস্থিতিতে ভোক্তাদের স্বার্থ রক্ষার ক্ষমতা বৃদ্ধি করা। তাঁদের বক্তব্য পয়েন্ট বাতিল বা মেয়াদোত্তীর্ণ করার ব্যাপারে জনগণকে ক্ষতিগ্রস্ত করার মতো কোনো গোপন পরিকল্পনা নেই।

রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম এখন কানাডীয় খুচরা বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রোসারি, গ্যাস, ফার্মেসি সব ক্ষেত্রেই ক্রেতারা পয়েন্ট জমিয়ে রাখেন এবং ছুটির মৌসুমে এসব পয়েন্ট ব্যবহারের প্রবণতা আরও বেশি। তাই আইন পরিবর্তনের সম্ভাবনা সাধারণ ক্রেতার মনে উদ্বেগ সৃষ্টি করেছে। লিবারেল পার্টি এই উদ্বেগকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে, আর সরকার চেষ্টা করছে বিষয়টিকে “ভুল ব্যাখ্যা” বলে দেখাতে।

বিল–৪৬ এখনও পাস হয়নি, তবে বিতর্ক প্রমাণ করছে অন্টারিওতে ভোক্তা অধিকার ও কর্পোরেট স্বার্থের ভারসাম্য নিয়ে রাজনৈতিক ময়দানে উত্তাপ বাড়ছে। সামনে আলোচনায় আরও কী পরিবর্তন আসে তা এখন দেখার বিষয়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles