
কানাডার আবাসন বাজারে গত অক্টোবর মাসে গত বছরের তুলনায় স্পষ্ট ধীরগতি দেখা গেছে। দি কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (CREA) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে হাতবদল হওয়া আবাসিক বাড়ির সংখ্যা এবং বাড়ির গড় বিক্রয়মূল্য উভয়ই কমেছে।
২০২৪ সালের অক্টোবর মাসে কানাডাজুড়ে মোট ৪২,০৬৮টি বাড়ি বিক্রি হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৩% কম। তবে মাসিক ভিত্তিতে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সেপ্টেম্বারের তুলনায় অক্টোবরে বাড়ি বিক্রি ০.৯% বেড়েছে যা গত সাত মাসের মধ্যে ছয় মাসেই মাসিক বৃদ্ধি ধরে রাখার ইঙ্গিত দেয়।
CREA–র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শন ক্যাথকার্ট এক বিবৃতিতে বলেন “সেপ্টেম্বারে সামান্য পতনের পর আবারও লেনদেন বাড়তে শুরু করেছে। এপ্রিলের পর থেকে যে ধারা তৈরি হয়েছিল, বাজার আবার একই প্রবণতায় ফিরছে। সুদের হার বর্তমানে প্রত্যাশার কাছাকাছি অবস্থানে, ফলে ২০২৬ সালে আবাসন বাজার আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।” যদিও তিনি সতর্ক করে বলেন চলমান বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক অনিশ্চয়তা বাজারের এই পূর্বাভাসে পরিবর্তন আনতে পারে।
প্রদেশভেদে আবাসন বাজারের ছবিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা এবং কুইবক এই তিন প্রদেশে মাসিকভিত্তিতে লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, তুলনামূলক সাশ্রয়ী বাজার, কর্মসংস্থানের সুযোগ এবং অভিবাসন প্রবাহ এ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। অন্টারিও, সাস্কেচুয়ান এবং ম্যানিটোবাতে হ্রাস পেয়েছে। টিডি ব্যাংকের অর্থনীতিবিদ রিশি সোধি জানান এই প্রদেশগুলোতে বিক্রি কমার কারণ হিসেবে উচ্চ সুদের হার, চাহিদায় শীতলতা এবং টানা মূল্যচাপকে দায়ী করা যায়।
CREA জানায়, মাসিক ভিত্তিতে নতুন লিস্টিং ১.৪% কমেছে। তবে মোট সরবরাহ এখনও আগের বছরের তুলনায় বেশি। অক্টোবরের শেষে কানাডায় বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়ির সংখ্যা দাঁড়ায় ১,৮৯,০০০, যা ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ৭.২% বেশি। অর্থাৎ, চাহিদা কমলেও বাজারে সরবরাহ তুলনামূলক বেশি যা মূল্যশীতলতার আরেকটি কারণ।
গত অক্টোবরে বাড়ির গড় প্রকৃত বিক্রয়মূল্য ছিল ৬৯০,১৯৫ ডলার, যা আগের বছরের তুলনায় ১.১% কম। যদিও এই মূল্য পতন সামান্য, তবুও সাম্প্রতিক বছরগুলোতে কানাডার মূল্যস্ফীতিপূর্ণ আবাসন বাজারে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে।
বিশ্লেষকদের মতে সুদের উচ্চ হার, ক্রেতাদের আর্থিক সক্ষমতা সংকুচিত হওয়া, বাজারে সরবরাহ বৃদ্ধি – এসব কারণেই মূল্য কমেছে, তবে কানাডার সর্বোচ্চ মূল্যমানের বাজারগুলো (যেমন টরন্টো ও ভ্যাঙ্কুভার) এখনও আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত ব্যয়বহুল।
অক্টোবরের প্রতিবেদনে কানাডার আবাসন বাজারে এক ধরনের মিশ্র চিত্র পাওয়া যায়। বার্ষিক ভিত্তিতে ধীরগতি, মাসিক ভিত্তিতে পুনরুদ্ধারের ইঙ্গিত, সরবরাহের বৃদ্ধি, মূল্যশীতলতা সব মিলিয়ে বাজার এখন এক প্রকার সমন্বয় পর্বের মধ্য দিয়ে যাচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, সুদের হার স্থিতিশীল হলে ২০২৫–২৬ নাগাদ বাজার আবারও শক্তিশালী উত্তরণ দেখতে পারে। তবে বৈশ্বিক অর্থনৈতিক চাপ ভবিষ্যত চিত্রকে যেকোনো সময় পাল্টে দিতে পারে।

