যে কারণে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

যে কারণে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা - the Bengali Times
অধ্যাপক ড রেজওয়ানা করিম স্নিগ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁর অপসারণ দাবি করে আসছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রসংগঠন। তবে তাঁকে দায়িত্ব থেকে সরানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।

- Advertisement -

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। সংগঠনগুলো তাঁদের বক্তব্যের বিষয়ে অবস্থান স্পষ্ট করার পাশাপাশি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলে।

গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাঁদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি জানায়।

একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে। তদন্ত চলাকালে তাঁদের সাময়িক অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

এর পরদিন, ২২ নভেম্বর, চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। এতে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবিও জানানো হয়।

এসব দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশে সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles