
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজও চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে একই ধরনের পরিবহণ-সহায়তা প্রত্যাশা করছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর ঘোষিত ১৬ ডিসেম্বরের তারিখকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। পাসপোর্টের পাশাপাশি দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী দাবি করেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বাংলাদেশ সরকার। অন্যদিকে গত রোববার রয়টার্সকে দেওয়া বক্তব্যে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।
ওই মন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ফলে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও শেখ হাসিনার প্রত্যাবর্তন কীভাবে এবং আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

