
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। সম্প্রতি অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও ভালোবাসা, সম্পর্ক ও বিয়ে নিয়ে তাঁর পুরোনো এক সাক্ষাৎকারের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
‘ভোগ ইন্ডিয়া’র সঙ্গে এক আলাপচারিতায় সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছিলেন সারা। সেখানে জেন-জি প্রজন্মের সম্পর্কের ধরন, অঙ্গীকার এবং কোনো সম্পর্ক ঠিক মনে না হলে সেখান থেকে সরে আসার বিষয়ে কথা বলেন তিনি।
সারার মতে, কোনো সম্পর্ক ভবিষ্যতে সুখকর হবে না বুঝতে পারলে বিয়ের আগেই সরে আসা ভালো। ব্যর্থতার আশঙ্কা জেনেও বড় কোনো সিদ্ধান্তে এগিয়ে যাওয়ার চেয়ে সময় থাকতে নিজের পক্ষে অবস্থান নেওয়াকে তিনি ইতিবাচক মনে করেন।
ভাই অর্জুন টেন্ডুলকারের বিয়ের প্রসঙ্গ টেনে সারা বলেন, ‘আমার মনে হয় এটি আমার জন্য দারুণ এক মহড়ার মতো ছিল। এখন আমি বুঝি আমার কী চাই আর কী চাই না।’
নিজের স্বপ্নের বিয়ের আয়োজন নিয়েও বদলেছে সারার ভাবনা। একসময় জাঁকজমকপূর্ণ বিয়ের স্বপ্ন দেখতেন তিনি। কনে হিসেবে প্যাস্টেল রঙের পোশাক পরার ইচ্ছাও ছিল। তবে এখন ছোট পরিসরে বিয়ের আয়োজনই তাঁর পছন্দ। ঐতিহ্যবাহী লাল রঙের পোশাক পরার কথাও ভাবছেন। অবশ্য তুলা রাশির জাতক হওয়ায় সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকেন বলে মজা করে জানান তিনি। এমনকি শেষ পর্যন্ত সবুজ রঙও বেছে নিতে পারেন বলে মন্তব্য করেন।
সম্পর্ক নিয়ে জেন-জি প্রজন্মের ভাবনা
সারা মনে করেন, জেন-জি প্রজন্ম সম্পর্কের ক্ষেত্রে অঙ্গীকারকে গুরুত্ব দিলেও কোনো কিছু ঠিক পথে এগোচ্ছে না বুঝতে পারলে সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না।
তিনি বলেন, অনেকেই বাগদান সম্পন্ন করার পর বিয়ের আগে সঙ্গী কিংবা তাঁর পরিবারের প্রকৃত আচরণ বুঝতে পারেন। তখন সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। সারার ভাষায়, ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও বড় কোনো যাত্রায় এগিয়ে যাওয়ার চেয়ে বিয়ের আগেই সরে দাঁড়ানো ভালো সিদ্ধান্ত।
তাঁর মতে, আগের প্রজন্ম নিজেদের পক্ষে অবস্থান নিতে তুলনামূলক বেশি ভয় পেত। কিন্তু জেন-জি প্রজন্ম কোনো সম্পর্ক বা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝতে পারলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি আত্মবিশ্বাসী ও সাহসী।
সোলমেট মানে শুধু প্রেম নয়
‘সোলমেট’ বা আত্মার সঙ্গী বলতে শুধু রোমান্টিক সম্পর্কের মানুষকে বোঝেন না সারা। রোমান্টিক সোলমেটের অস্তিত্বে বিশ্বাস করতে ভালো লাগলেও তাঁর কাছে ঘনিষ্ঠ বন্ধুত্বও একই রকম গুরুত্বপূর্ণ।
শৈশব থেকে চেনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকেই নিজের প্রকৃত সোলমেট মনে করেন তিনি। এ প্রসঙ্গে সারা বলেন, ‘রোমান্টিক সোলমেট আছে বলে বিশ্বাস করতে ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধুরাই শতভাগ আমার সোলমেট।’
ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনের মধ্যেও সম্পর্ক ও বিয়ে নিয়ে সারার এই পুরোনো বক্তব্য নতুন করে আগ্রহ তৈরি করেছে।

