
গত আসরে রেকর্ড দামে দল পেয়েও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। এবার আর সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ দেখালেন না তিনি। আসন্ন আইপিএলের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি এই বাঁহাতি পেসার।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো বুধবার আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করা ক্রিকেটারদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় মোস্তাফিজের নাম নেই। বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানাও নিলামে নাম লেখাননি।
গত আসরের নিলামে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে রেকর্ড দামে দল পেয়েও আইপিএলে খেলার সুযোগ হয়নি তাঁর।
মোস্তাফিজকে ঘিরে ওই ঘটনার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।
এবারের নিলামে নাহিদ রানার অনুপস্থিতিও আলোচনায় এসেছে। সবশেষ ভারত সফরে দুর্দান্ত গতির বোলিং দিয়ে নজর কেড়েছিলেন এই তরুণ পেসার। তবে তিনিও আইপিএলের নিলামে নাম নিবন্ধন করেননি।
অন্যদিকে নিলামের জন্য নাম লিখিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে দলগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।

