আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি : রুমিন ফারহানা

আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি : রুমিন ফারহানা - the Bengali Times
ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করেননি বলে স্পষ্ট জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলে ফেরার বিষয়ে চলমান আলোচনা ও নানা জল্পনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেছেন, তাঁর কোনো কথা বা আচরণে বিএনপিতে ফেরার আগ্রহ রয়েছে—এমনটা মনে করার কারণ নেই।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান রুমিন ফারহানা।

- Advertisement -

পোস্টে তিনি লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি আরও লেখেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে বহিষ্কার করে বিএনপি। পরে নির্বাচনে জয়ী হওয়ার পর বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার আলোচনা শুরু হলে সম্ভাব্য প্রত্যাবর্তনকারীদের তালিকায় তাঁর নামও উঠে আসে। তবে এবার নিজের বক্তব্যে সেই জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন তিনি।

প্রসঙ্গত, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দলটির প্রায় ৮০ থেকে ৮৫ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাঁদের বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে সাতজন নির্বাচনে জয়ী হন। রুমিন ফারহানা তাঁদের একজন। বহিষ্কারের আগে তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূল পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করেছিল বিএনপি। পরে তাঁদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন। তবে রুমিন ফারহানার বক্তব্যে স্পষ্ট, অন্যদের মতো দলে ফেরার আবেদন করার পথে হাঁটেননি তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles