আদালতে গোলাপি শার্টে পরীমনি, ফেসবুকে লিখলেন ‘উফ পরী’

আদালতে গোলাপি শার্টে পরীমনি, ফেসবুকে লিখলেন ‘উফ পরী’ - the Bengali Times
চিত্রনায়িকা পরীমনি

আদালতে হাজিরা দিতে গিয়েও নিজের উপস্থিতি দিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। এবার মামলার শুনানির পাশাপাশি গোলাপি শার্টে তাঁর স্মার্ট উপস্থিতি এবং ফেসবুকে দেওয়া একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজির হন পরীমনি। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে আদালতে যান তিনি।

- Advertisement -

এদিন পরীমনিকে দেখা যায় উজ্জ্বল গোলাপি রঙের শার্টে। শার্টে ছিল কলার ও সামনের দিকে বোতাম। চোখে সানগ্লাস, পরিপাটি সাজ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে আদালত প্রাঙ্গণে নজর কাড়েন এই অভিনেত্রী।

আদালত থেকে ফেরার পর নিজের উপস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘নিউজফিডটা হট পিকিং হয়ে গেল। উফ পরী।’

নিজের ছবি ও উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আগ্রহের বিষয়টি যে বেশ উপভোগ করছেন, তাঁর এই মন্তব্যে সেই ইঙ্গিতই মিলেছে।

তবে পরীমনির এবারের আদালতে হাজিরার পেছনে রয়েছে প্রায় পাঁচ বছর ধরে চলা একটি মামলা। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে তাঁর বাসায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন ৫ আগস্ট তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত শেষে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত মামলাটিতে অভিযোগ গঠন করেন। তবে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন পরীমনি। পরে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত হয়।

পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযোগ গঠনের বিষয়ে নতুন করে শুনানির প্রয়োজন দেখা দেয়। এর ধারাবাহিকতায় আবারও আদালতে হাজির হতে হচ্ছে এই অভিনেত্রীকে।

- Advertisement -

Related Articles

Latest Articles