কয়েক বছর ধরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের শিকার, পরিচিত ব্যক্তির বিরুদ্ধে ফারিনের অভিযোগ

কয়েক বছর ধরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের শিকার, পরিচিত ব্যক্তির বিরুদ্ধে ফারিনের অভিযোগ - the Bengali Times
অভিনেত্রী ও মডেল ফারিন খান

পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে কয়েক বছর ধরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ তুলেছেন অভিনেত্রী ও মডেল ফারিন খান। তাঁর দাবি, ওই ব্যক্তি ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন সহকর্মীদের কাছে ছড়িয়ে দিচ্ছেন। এমনকি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব ও মুঠোফোনও হ্যাক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সরাসরি সম্প্রচারে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন ফারিন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

- Advertisement -

তবে আপাতত অভিযুক্তের নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী। আগামী দুই-তিন দিনের শুটিংয়ের কাজ শেষ করে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের সামনে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

সরাসরি সম্প্রচারে ফারিন বলেন, ‘আমি একজন শিল্পী। অভিনয়ের বাইরে আমার একটা ব্যক্তিগত জীবন আছে। আমি চেষ্টা করি সবসময় ব্যক্তিগত জীবনকে গণমাধ্যম থেকে দূরে রাখতে। কিন্তু মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, তখন বাধ্য হয়ে কথা বলতে হয়। আমার সঙ্গেও তেমনটাই হয়েছে।’

কয়েক বছর ধরে একজনের মাধ্যমে ব্ল্যাকমেইল ও নির্যাতনের শিকার হচ্ছেন দাবি করে তিনি বলেন, বিষয়টি নিয়ে আগে অনেকবার কথা বলতে চেয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখিও করেছেন। কিন্তু ব্যক্তিগত জীবন, সমাজ ও পরিবারের কথা ভেবে এত দিন চুপ ছিলেন। এবার পরিস্থিতি তাঁকে প্রকাশ্যে কথা বলতে বাধ্য করেছে।

অভিযুক্ত ব্যক্তি তাঁর পরিচিত বলে জানান ফারিন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি অভিনেত্রীর কয়েকজন সহকর্মীর কাছে বিভিন্ন ভিডিও ও ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছেন। যাঁদের কাছে এসব পাঠানো হয়েছে, তাঁদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে চান তিনি।

অভিযুক্তের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন তাঁকে ভণ্ড ও প্রতারক বলে আখ্যা দেন। এ ছাড়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব ও মুঠোফোন হ্যাক করার অভিযোগও তোলেন। তাঁর দাবি, ব্যক্তিগত অনেক নথি অভিযুক্ত ব্যক্তির কাছে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

ফারিন বলেন, তাঁর কোনো ব্যক্তিগত কথাবার্তা বা ভিডিও কারও কাছে পাঠানো হলে কিংবা ছড়িয়ে পড়লে যেন তাঁকে জানানো হয়। তাঁর কোনো ব্যক্তিগত বিষয় ফাঁস হলে এর দায় অভিযুক্ত ব্যক্তিকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততা শেষে অভিভাবকদের সঙ্গে বসে পুরো ঘটনা জানাবেন এবং সাংবাদিকদের ডেকে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles