টিকটকে পরিচয়, ভালোবাসার টানে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ

টিকটকে পরিচয়, ভালোবাসার টানে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ - the Bengali Times
টিকটকে পরিচয়ের পর গড়ে ওঠা সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন আরেক তরুণ

মাদারীপুরের কালকিনিতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের পর গড়ে ওঠা সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া মাহিন মুন্সি (১৯) মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে। অন্যদিকে, যার বাড়িতে তিনি অবস্থান নিয়েছেন, সেই নবদ্বীপ চন্দ্র দাশও (১৯) একই উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে।

- Advertisement -

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালো লাগার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজনই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। এমনকি বিয়ে করে সংসার করার ইচ্ছার কথাও জানান। সেই দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।

স্থানীয়রা জানান, এর আগেও দুইবার ওই বাড়িতে এসেছিলেন মাহিন। তবে এবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁদের দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের লোকজন।

ওই দুই তরুণের ভাষ্য, ‘আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করে একসঙ্গে থাকব।’

কালকিনির বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়ির। খবর পেয়ে বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। মাহিনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।’

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। অতি উৎসাহী হয়ে দুই তরুণ এমন কাজ করেছে, যা আইনগতভাবে ঠিক নয়।’

- Advertisement -

Related Articles

Latest Articles