১৩ বছরের ছাত্রকে ধর্ষণ, সন্তানের জন্ম দেওয়া শিক্ষিকার সাড়ে ৮ বছরের কারাদণ্ড

১৩ বছরের ছাত্রকে ধর্ষণ, সন্তানের জন্ম দেওয়া শিক্ষিকার সাড়ে ৮ বছরের কারাদণ্ড - the Bengali Times
নাওমি টেকিয়া ক্রেইগ

১৩ বছর বয়সী এক ছাত্রকে প্রায় এক বছর ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের পর সন্তানের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার ৩৪ বছর বয়সী এক বিবাহিত শিক্ষিকা। এ ঘটনায় ১২টি শিশু যৌন নির্যাতনসংক্রান্ত অপরাধে দোষ স্বীকারের পর তাঁকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত শিক্ষিকার নাম নাওমি টেকিয়া ক্রেইগ। তিনি দুই সন্তানের জননী। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পার্থ শহরের দক্ষিণে মান্দুরাহ এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রটির বাড়িতে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিক্ষিকার নির্যাতনের ঘটনা ধরা পড়ে।

- Advertisement -

আদালতে ক্রেইগ স্বীকার করেন, ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ওই ছাত্রকে যৌন নির্যাতন করেছেন। নির্যাতন শুরুর সময় ছেলেটির বয়স ছিল মাত্র ১২ বছর।

২০২৩ সালে ছেলেটি মান্দুরাহ এলাকায় এসে একটি স্কুলে ভর্তি হয়। সেখানে সংগীতের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ক্রেইগ। ছেলেটি একটি ব্যান্ডের সদস্য ছিল, যার তত্ত্বাবধানে ছিলেন ওই শিক্ষিকা। এ সূত্রে ছাত্রটির মায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে।

পরে ছেলেটি অন্য স্কুলে ভর্তি হলেও তার সঙ্গে যোগাযোগ বজায় রাখেন ক্রেইগ। তিনি ছেলেটিকে স্কুলে পৌঁছে দিতেন। এমনকি তার বাড়ির চাবিও ছিল শিক্ষিকার কাছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মার্ক নিকোল আদালতকে জানান, ছেলেটির মা ক্রেইগকে বিশ্বাস করতেন এবং ছেলের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে শিক্ষিকা নিজের অবস্থান কাজে লাগিয়ে শিশুটিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতেন।

কৌঁসুলি বলেন, ক্রেইগ ছেলেটিকে অন্য মেয়েদের সঙ্গে যোগাযোগের বিষয়ে চাপ দিতেন। তাঁকে নিজের প্রতি অনুগত থাকতে এবং অন্য সবার চেয়ে তাঁকে বেশি গুরুত্ব দিতে বলতেন। একপর্যায়ে বাড়িতে একা থাকার সময়ও শিশুটিকে নির্যাতন করেন তিনি। একবার বাড়ির চাবি ব্যবহার করে নিজেই সেখানে প্রবেশ করেন।

এ ছাড়া শিক্ষিকা নিজের সাঁতারের পোশাক ও অন্তর্বাস পরা স্পর্শকাতর ছবি শিশুটিকে পাঠাতেন।

আদালতে জানানো হয়, ২০২৫ সালের মে মাসে ক্রেইগ এক বন্ধুকে জানিয়েছিলেন, তিনি আরও একটি সন্তান চান। ওই মাসেই ১৩ বছরে পা দেওয়া ছাত্রটির মাধ্যমে অন্তঃসত্ত্বা হন তিনি। একই বছরের নভেম্বরে শিশুটিকে একের পর এক অস্বস্তিকর বার্তা পাঠিয়ে নিজের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য চাপ দেন।

২০২৫ সালের ডিসেম্বরে ছেলেটির মা বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। পরে ফুটেজে ছেলের ওপর যৌন নির্যাতনের দৃশ্য দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি। ওই দিনই গ্রেপ্তার হন ক্রেইগ। এর কয়েক সপ্তাহ আগে তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন।

মঙ্গলবার আদালতে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ১২টি অপরাধে দোষ স্বীকার করেন ক্রেইগ। এর মধ্যে ১৩ বছরের কম বয়সী শিশুর সঙ্গে যৌন সংসর্গ, শিশুকে যৌন আচরণে প্ররোচিত করা এবং শিশু যৌন শোষণসংক্রান্ত উপাদান নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে।

বিচারক জন প্রায়র তাঁকে সাড়ে আট বছরের কারাদণ্ড দেন। ছয় বছর ছয় মাস কারাভোগের পর প্যারোলে মুক্তির যোগ্য হবেন তিনি। সাজা ঘোষণার সময় আদালতে কান্নায় ভেঙে পড়েন ক্রেইগ।

বিচারক অপরাধগুলোর বিবরণ দিতে গিয়ে বলেন, অভিযোগে উল্লেখ করা ঘটনাগুলোর বাইরেও আরও নির্যাতনের ঘটনা ঘটে থাকতে পারে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই নির্যাতনকে ‘শেষ না হওয়া এক দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেন। তাঁদের আশঙ্কা, শিশুটিকে দীর্ঘমেয়াদি, এমনকি সারা জীবন মানসিক ও শারীরিক ক্ষতির পরিণতি বহন করতে হতে পারে।

এদিকে নবজাতক শিশুটি সম্ভবত কারাগারে মায়ের সঙ্গে প্রায় এক বছর থাকবে বলে আদালতকে জানানো হয়েছে। গ্রেপ্তারের সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন ক্রেইগ। এর আগে তিনি ব্যক্তিগতভাবে সংগীতের শিক্ষকতা করতেন।

- Advertisement -

Related Articles

Latest Articles