
ভারতের রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগে পাঞ্জাব থেকে এক তরুণী ও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ২১ বছর বয়সী মহকদীপ কৌর ও ২২ বছর বয়সী দেবেন্দ্র সিং। পুলিশের দাবি, এ ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। গ্রেপ্তার মহকদীপ পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি ‘চাচা’ ও ‘শাহ’ নামে পরিচিত। তাঁরা প্রেমের সম্পর্কের অভিনয় এবং অর্থের প্রলোভন দেখিয়ে মহকদীপকে নিজেদের ফাঁদে ফেলেন। পুলিশের ধারণা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এ ধরনের কৌশল ব্যবহার করে নাশকতামূলক কাজে লোক নিয়োগ করছে।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এর আগেও গঙ্গানগরের ববিতা নামের এক নারীকে একই কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে। মহকদীপ স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন। তাঁর স্বামী বর্তমানে মাদক পাচারের মামলায় কারাগারে রয়েছেন।
পুলিশের দাবি, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য মহকদীপকে অর্থ দেওয়া হয়েছিল। তাঁর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি গুলি ও নগদ ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মূল অভিযুক্তদের থাকার ব্যবস্থা, মোটরসাইকেল সরবরাহ এবং ঘটনাস্থলে যাতায়াতে সহায়তা করার অভিযোগ তদন্ত করা হচ্ছে।
গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংহপুরের কাছে একটি রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেললাইন এবং সেখানে প্রায় আড়াই ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।
বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে অনুপগড় থেকে সুরতগড়গামী একটি যাত্রীবাহী ট্রেন ওই লাইন দিয়ে চলাচল করেছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঘটনাটি ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে। তবে পাকিস্তানের সংশ্লিষ্টতা ও অভিযুক্তদের ভূমিকার বিষয়ে পুলিশের অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

