অনলাইনে ৭০ কিশোরীকে যৌন নিপীড়ন, শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

অনলাইনে ৭০ কিশোরীকে যৌন নিপীড়ন, শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড - the Bengali Times
বিলাল কাজি

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে একের পর এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড পেয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজি। শিশুদের যৌন শোষণ, ভয়ভীতি প্রদর্শন ও অনলাইনে অপরাধের একাধিক অভিযোগ স্বীকার করার পর শুক্রবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেস্টার ক্রাউন কোর্ট তাঁর সাজা ঘোষণা করেন।

আদালতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন কাজি। একপর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করতেন। পরে সেসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কিশোরীদের ব্ল্যাকমেইল করতেন।

- Advertisement -

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব আদালতে জানান, কাজি বিপুলসংখ্যক তরুণীকে প্রলোভনে ফেলে কৌশলে নিয়ন্ত্রণ ও শোষণ করেছেন। যারা তাঁর পরবর্তী দাবিতে রাজি হতো না, তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

ম্যাকরব বলেন, ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য কাজি নিজেকে তাদের সমবয়সী কিশোর হিসেবে পরিচয় দিতেন। ফলে অনেকেই তাঁর সঙ্গে সত্যিকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে বিশ্বাস করেছিল। প্রতারণার বিষয়টি প্রকাশ পাওয়ার পর অনেকে গুরুতর ও দীর্ঘমেয়াদি মানসিক আঘাতের শিকার হয়েছে।

১৮০ সম্ভাব্য ভুক্তভোগী শনাক্ত

সিপিএস জানায়, চেশায়ার ও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তদন্তকারীদের সংগ্রহ করা বিপুল পরিমাণ তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দলের গোয়েন্দা কনস্টেবল জর্জিয়া হিউজ বলেন, অপরাধের ব্যাপকতার কারণে এটি ছিল অত্যন্ত বড় একটি তদন্ত। এ জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বিতভাবে কাজ করতে হয়েছে।

তদন্তে কাজির বিভিন্ন ডিজিটাল যন্ত্র থেকে পাওয়া ব্যবহারকারীর নাম ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়। পরে ব্রিটেনের ৪৫টি পুলিশ বাহিনীর মধ্যে ২৮টির আওতায় ৭০ জন ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করা হয়। অপরাধ সংঘটিত হওয়ার সময় তাদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে।

প্রেমের সম্পর্ক ভেবে প্রতারণার শিকার

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ভুক্তভোগী ১৩ বছর বয়সে স্ন্যাপচ্যাটে কাজির সঙ্গে যোগাযোগ শুরু করেন। তাঁর বিশ্বাস ছিল, কাজিও তাঁর সমবয়সী। কিন্তু অল্প সময়ের মধ্যেই কথোপকথন যৌন বিষয়ে মোড় নেয়। কাজি তাঁকে বিভিন্ন অনুপযুক্ত প্রশ্ন করতে শুরু করেন।

২০২১ সালের জুলাইয়ে ওই কিশোরী কাজিকে জানান, তিনি শুধু বন্ধু হিসেবে থাকতে চান এবং আর কোনো ছবি পাঠাতে চান না। এতে ক্ষুব্ধ হয়ে কাজি তাঁকে অপমান করতে শুরু করেন। এমনকি ওই কিশোরীকে নিজের সম্পত্তি বলেও দাবি করেন। ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তাঁকে আরও ছবি পাঠাতে বাধ্য করেন।

এর কিছুদিন পর ওই কিশোরীর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং কাজির কাছে পাঠানো ছবি ও ভিডিও তাঁর বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়া হয়। ২০২১ সালের নভেম্বরে তিনি ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ করেন।

হিথ্রো বিমানবন্দরে গ্রেপ্তার

তদন্তে কাজির সর্বশেষ পরিচিত ঠিকানা পাওয়া যায় চেস্টারে। পরে জানা যায়, তিনি ব্রিটেন ছেড়ে চলে গেছেন। তবে ২০২৩ সালের জুলাইয়ে দেশে ফেরার সময় হিথ্রো বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রথম ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

চেশায়ার পুলিশের গোয়েন্দা সার্জেন্ট রস পিল বলেন, এ মামলা শিশুদের যৌন শোষণ বন্ধে পুলিশের অঙ্গীকারের প্রমাণ। একই সঙ্গে যারা মনে করেন, অনলাইনে পরিচয় গোপন রেখে অপরাধ করলেও ধরাছোঁয়ার বাইরে থাকা যাবে, তাঁদের জন্য এটি সতর্কবার্তা।

পুলিশ কর্মকর্তারা জানান, কাজির অপরাধের কারণে ভুক্তভোগীদের অনেকেই দীর্ঘদিন আতঙ্কের মধ্যে ছিলেন। কারও কারও জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো এই নির্যাতনের মানসিক আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles