টিকটকের ভিডিও বানাতে বাঘিনীকে চুমুর চেষ্টা, প্রাণ গেল তরুণের

টিকটকের ভিডিও বানাতে বাঘিনীকে চুমুর চেষ্টা, প্রাণ গেল তরুণের - the Bengali Times
টিকটক ভিডিও তৈরির জন্য শিকলে বাঁধা বাঘিনীকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন ১৯ বছর বয়সী তালহা

টিকটক ভিডিও তৈরির জন্য শিকলে বাঁধা বাঘিনীকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন ১৯ বছর বয়সী তালহা। কিন্তু সেই বিপজ্জনক শখের পরিণতি হলো ভয়াবহ। বাঘিনীর আক্রমণে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের ওই তরুণ।

শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিগত খামারবাড়িতে এ ঘটনা ঘটে। ভিডিও নির্মাতা নোমান হাসানের অনুরোধে টিকটক ভিডিও ধারণের জন্য বাঘিনীটিকে খাঁচা থেকে বের করা হয়েছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বাঘিনীটি তালহার ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় খামারবাড়ির মালিক ফাইয়াজ ও ভিডিও নির্মাতা নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। খামারবাড়ির একটি প্রজননকেন্দ্রে বাঘিনীটিকে রাখা হয়েছিল বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর নোমান প্রথমে দাবি করেছিলেন, কুকুরের আক্রমণে তালহা আহত হয়েছেন। তবে তদন্তে পরে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।

লাহোর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার আগ্রহ কখনোই মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনার তথ্য গোপনের চেষ্টা এবং সংশ্লিষ্টদের অবহেলার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে খামারবাড়িতে বাঘিনী রাখার বৈধ অনুমতি ছিল কি না, প্রাণীটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণীর সঙ্গে বিপজ্জনক ভিডিও তৈরির জন্য পরিচিত নোমান হাসান। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে শিকলে বাঁধা বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে। অন্য একটি ভিডিওতে চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নখ দিয়ে আঁচড় দেয়।

টিকটকের জন্য বিপজ্জনক কাণ্ড করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তালহা। ঘটনাটি আবারও বন্য প্রাণীর সঙ্গে অসতর্ক আচরণের ভয়াবহ পরিণতি সামনে নিয়ে এসেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles