স্বর্ণ চুরির সময়ে এয়ার কানাডার কার্গো ওয়্যারহাউজের নিরাপত্তা ক্যামেরা অকেজো ছিল

স্বর্ণ চুরির সময়ে এয়ার কানাডার কার্গো ওয়্যারহাউজের নিরাপত্তা ক্যামেরা অকেজো ছিল - the Bengali Times
এ ঘটনায় অভিযুক্ত এয়ার কানাডা কার্গোর সাবেক কর্মী ৫৬ বছর বয়সী পারমপাল সিধু তাঁর বিরুদ্ধে এয়ারলাইনের অফিসিয়াল এয়ার ওয়েবিল প্রিন্ট করার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে

টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ২৫ লাখ ডলারের বেশি মূল্যের স্বর্ণ ও নগদ অর্থ চুরির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। আদালতে দেওয়া এক পুলিশ কর্মকর্তার সাক্ষ্য অনুযায়ী, চুরির দিন এয়ার কানাডার কার্গো ওয়্যারহাউজের একটি গুরুত্বপূর্ণ সার্ভিল্যান্স ক্যামেরা কাজ করছিল না। ফলে স্বর্ণ সংগ্রহের জন্য প্রয়োজনীয় এয়ার ওয়েবিল কে প্রিন্ট করেছিলেন এবং ট্রাকচালকের হাতে তুলে দিয়েছিলেন, তা ভিডিও ফুটেজে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় অভিযুক্ত এয়ার কানাডা কার্গোর সাবেক কর্মী ৫৬ বছর বয়সী পারমপাল সিধু। তাঁর বিরুদ্ধে এয়ারলাইনের অফিসিয়াল এয়ার ওয়েবিল প্রিন্ট করার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ২০২৩ সালে বিমানবন্দর থেকে চুরি হওয়া স্বর্ণ সংগ্রহ করতে একজন ট্রাকচালক ওই ওয়েবিল ব্যবহার করেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তবে চুরি ও ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন সিধু।

- Advertisement -

আদালতে উপস্থাপিত এয়ার কানাডার অভ্যন্তরীণ নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, পিয়ারসন বিমানবন্দরের বিশাল কার্গো ওয়্যারহাউজ থেকে স্বর্ণভর্তি ক্রেট সরিয়ে একটি ট্রাকে তোলা হচ্ছে। এরপর ট্রাকটি সেখান থেকে চলে যায়। তবে ফুটেজে কাউকে এয়ার ওয়েবিল প্রিন্ট করতে কিংবা সেটি সংগ্রহ করতে দেখা যায়নি।

মামলার শুনানিতে বলা হয়েছে, ওয়্যারহাউজের ভেতরে থাকা এয়ার কানাডার একটি প্রিন্টার ব্যবহারের জন্য সিধুর পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল। ওই প্রিন্টার থেকেই চুরির সঙ্গে সংশ্লিষ্ট এয়ার ওয়েবিলটি প্রিন্ট করা হয় বলে তদন্তকারীদের ধারণা। বুধবার মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন পিল রিজিয়নাল পুলিশের গোয়েন্দা সারাহ অ্যাঙ্গেভিন। তাঁর বক্তব্যে প্রিন্টার ব্যবহারের সময়কার নজরদারি ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন প্রশ্ন ওঠে।

জেরার সময় সিধুর আইনজীবী শেল ওয়াগম্যান জানতে চান, তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগের পক্ষে পুলিশের কাছে কী ধরনের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট এয়ার ওয়েবিলে সিধুর কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। জবাবে গোয়েন্দা অ্যাঙ্গেভিন বলেন, বিষয়টি ঠিক।

এরপর ওয়াগম্যান জানতে চান, এয়ার কানাডার কার্গো ওয়্যারহাউজে নিরাপত্তা ক্যামেরা থাকা সত্ত্বেও সেগুলোর ফুটেজ পরীক্ষা করা হয়েছিল কি না। বিশেষ করে প্রিন্টারটি যেখানে রাখা ছিল, সেখানকার ক্যামেরার কার্যকারিতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। জবাবে গোয়েন্দা অ্যাঙ্গেভিন বলেন, তাঁর যতদূর মনে আছে, ঘটনার দিন প্রিন্টারটির অবস্থানের কাছাকাছি থাকা ক্যামেরাটি চালু ছিল না।

এই বক্তব্যের ফলে চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে এসেছে কে এয়ার ওয়েবিলটি প্রিন্ট করেছিলেন এবং পরে ট্রাকচালকের হাতে তুলে দিয়েছিলেন, তা কি কখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হবে? তদন্তকারীদের মতে, প্রিন্টার ব্যবহারের ক্ষেত্রে সিধুর পরিচয়পত্রের ব্যবহার মামলার গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে পরিচয়পত্র ব্যবহার করা হলেও সেটি কে পরিচালনা করেছিলেন, তা নির্ধারণের ক্ষেত্রে প্রত্যক্ষ ভিডিও প্রমাণের অনুপস্থিতি তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles