
সিনেমার পর্দায় হাস্যরসের একটি দৃশ্য। অথচ সেই দৃশ্যের পেছনে লুকিয়ে আছে পরিচালকের কৈশোরের বাস্তব অভিজ্ঞতা। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’-এ সালমান খান ও মাধুরী দীক্ষিতের দৌড়াদৌড়িতে খাট ভেঙে পড়ার দৃশ্যটি কীভাবে তৈরি হয়েছিল, এত দিন পর সেই গল্পই শোনালেন পরিচালক সূরজ বরজাতিয়া।
সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে উপস্থিত হয়ে সিনেমাটির শুটিংয়ের মজার স্মৃতি তুলে ধরেন তিনি।
নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সালমান ও মাধুরীর রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল। সিনেমার বেশ কিছু হাস্যরসাত্মক দৃশ্য এখনো দর্শকদের মনে জায়গা করে আছে। এর মধ্যে অন্যতম ছিল বিয়ের অনুষ্ঠানে জামাইয়ের জুতা চুরির দৃশ্য।
সেই দৃশ্যে জুতা নিয়ে পালিয়ে যান মাধুরী। অন্যদিকে ভাইয়ের জুতা রক্ষায় তার পিছু নেন সালমান। দুজনের দৌড়াদৌড়ির একপর্যায়ে একটি খাটের ওপর পড়ে যান। তাদের ভার সামলাতে না পেরে ভেঙে যায় খাটটি।
পরিচালক সূরজ বরজাতিয়া জানান, দৃশ্যটি নিছক কল্পনা থেকে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে তার নিজের জীবনের একটি স্মৃতি। মাত্র ১৩ বছর বয়সে মুম্বাইয়ের একটি বিয়েবাড়িতে গিয়ে এমনই একটি ঘটনা নিজের চোখে দেখেছিলেন তিনি।
কৈশোরে দেখা সেই বাস্তব ঘটনাই পরবর্তী সময়ে সিনেমার পর্দায় তুলে ধরেন। ফলে সালমান-মাধুরীর অভিনয়ে দৃশ্যটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য।
সিনেমাটি মুক্তির বহু বছর পেরিয়ে গেলেও দৃশ্যটি দর্শকদের কাছে এখনো সমান উপভোগ্য। পরিচালকের কৈশোরের সেই স্মৃতিই যে পর্দার এমন জনপ্রিয় মুহূর্তের জন্ম দিয়েছিল, তা নতুন করে জানলেন ভক্তরা।

