
একসময় চেহারা ও দাঁত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসি-ঠাট্টা ও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। মানুষের বিদ্রূপে কষ্ট পেয়েছেন, কিন্তু ভেঙে পড়েননি। নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলে এগিয়ে গেছেন আপন গতিতে। ছোটপর্দার পরিচিত মুখ থেকে এবার তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। সব সমালোচনাকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে অংশ নিতে এরই মধ্যে দেশ ছেড়েছেন মাহি। একসময় যাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ করা হতো, সেই মাহিই এখন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।
মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। মা-বাবার দেওয়া এই নাম বদলে ২০১৪ সালে বিনোদনজগতে সামিরা খান মাহি নামে যাত্রা শুরু করেন তিনি। নতুন নামের সঙ্গে শুরু হয় নতুন স্বপ্নের পথচলা।
২০১৪ সালে ‘রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল হান্ট’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পরিচিতি পান মাহি। এরপর একস্ট্যাসি, জিপি, টেক্সমার্ট, প্রাইড গার্লস, বাংলালিংক ও সাইলরের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও ফ্যাশন পণ্যের মডেল হিসেবে কাজ করেন। শুরুতে মডেলিংয়েই বেশি মনোযোগী ছিলেন তিনি। পরে কয়েক বছরের বিরতি নেন।
করোনা মহামারির সময় অভিনয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন মাহি। প্রস্তুতি ও শেখার পর ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই অভিনয়ে ব্যস্ততা বেড়ে যায়। একপর্যায়ে মাত্র ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেন তিনি।
‘তরুণ তুর্কি’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। তবে ‘গার্লস স্কোয়াড’ নাটকে অভিনয়ের মাধ্যমে বিশেষভাবে আলোচনায় আসেন মাহি। পরে ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।
ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। বিশেষ করে দাঁতের গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিদ্রূপের শিকার হন এই অভিনেত্রী। পরে চিকিৎসকের পরামর্শে দাঁতে ব্রেস ব্যবহার করে প্রয়োজনীয় পরিবর্তন আনেন।
তবে মানুষের কটূকথাকে নিজের এগিয়ে যাওয়ার পথে বাধা হতে দেননি মাহি। বরং নিজের প্রতি বিশ্বাস রেখে কাজ করে গেছেন। যারা তাঁর চেহারা নিয়ে বিদ্রূপ করেছেন, তাঁদের উদ্দেশে মাহির বক্তব্য, ‘আমি তো নিজেকে পরিবর্তন করে আমার জীবনের অনেক কিছুই বদলে ফেলেছি, অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা নিজেদের মানসিকভাবে পরিবর্তন করে সুন্দরভাবে জীবনযাপন করুন।’
মাহির এই যাত্রা কেবল সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে পৌঁছানোর গল্প নয়; বরং সমালোচনা ও বিদ্রূপের মুখেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার গল্প। একসময় যাঁকে নিয়ে হাসি-ঠাট্টা করা হয়েছিল, সেই মাহিই এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ হয়ে উঠতে যাচ্ছেন।

