
বিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল ভক্তদের। এবার নিজের ব্যক্তিগত জীবন ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। জানিয়েছেন, তিনি এখনো সিঙ্গেল। তবে কথার ফাঁকে তাঁর একটি রহস্যময় মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী ও বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব অনুষ্ঠান ‘ডাবল ডেট’-এ অতিথি হয়েছিলেন ৩৯ বছর বয়সি সানিয়া। সেখানে আড্ডার একপর্যায়ে তাঁর প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন অঙ্গদ।
সানিয়ার কাছে জানতে চাওয়া হয়, কোনো পুরুষ বন্ধু কখনো তাঁকে কফি খেতে যাওয়ার আমন্ত্রণ জানান কি না। মজার ছলে জবাব দেন, কফি ডেটের পরিবর্তে তাঁকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। কারণ, তাঁর পুরুষ বন্ধুরা তাঁকে নিজেদের দলের একজন হিসেবেই দেখেন।
অনুষ্ঠানে ফারাহ খান জানান, তাঁর পুরুষ বন্ধুরা প্রায়ই ফোন করে জানতে চান, সানিয়া সত্যিই সিঙ্গেল কি না। জবাবে সানিয়া স্পষ্ট করেন, তিনি এখনো সিঙ্গেল।
তবে এরপরই কথোপকথনে নতুন মাত্রা যোগ হয়। কোনো পুরুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর ইচ্ছা হয় কি না, জানতে চান অঙ্গদ। এ সময় ফারাহ মজা করে বলেন, সানিয়া এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে নিশ্চিত হলেন!
ফারাহর কথায় প্রথমে সায় দেন সানিয়া। এরপর হাসতে হাসতে বলেন, তাঁর জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! এই মন্তব্য ঘিরেই শুরু হয় নতুন জল্পনা। যদিও পরে সানিয়া পরিষ্কার করেন, নিছক মজার ছলেই এমন কথা বলেছেন। তিনি এখনো সিঙ্গেল।
সানিয়া ও ফারাহর বন্ধুত্বের কথা বিনোদন ও ক্রীড়াজগতে বেশ পরিচিত। জীবনের কঠিন সময়েও ফারাহ তাঁর পাশে ছিলেন বলে একাধিকবার জানিয়েছেন সানিয়া।
উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। বিয়ের পর দুবাইয়ে সংসার শুরু করেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের ঘরে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। দীর্ঘ প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।
বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়েই এগিয়ে চলেছেন সানিয়া। সম্প্রতি জানিয়েছেন, তাঁর ছেলেও টেনিস খেলে। তবে মায়ের মতো টেনিসের প্রতি বিশেষ আগ্রহ না থাকলেও খেলাধুলার প্রতি বেশ ঝোঁক রয়েছে তার।
দ্বিতীয় বিয়ে কিংবা নতুন প্রেম নিয়ে এখনই কোনো ঘোষণা দেননি সানিয়া। আপাতত নিজের জীবন, সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন ভারতের সাবেক এই টেনিস তারকা।

