
বলিউডের বাদশাহ শাহরুখ খান। ভারতের অন্যতম ধনী অভিনেতা। বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’ এখন তাঁর পরিচয়েরই অংশ। অথচ একসময় নিজের একটি বাড়ির স্বপ্ন দেখতেন এই তারকাও। জীবনের সেই কঠিন সময়ের কথা স্মরণ করে আবেগঘন স্বীকারোক্তি দিয়েছেন তিনি। জানিয়েছেন, স্ত্রী গৌরী খানকে বিয়ে করার আগে তাঁর নিজের কোনো বাড়ি ছিল না।
সম্প্রতি দুবাইয়ে একটি বিশেষ অনুষ্ঠানে স্ত্রী গৌরীকে নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। পরিচালক করণ জোহরের সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে নিজের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। সেখানেই উঠে আসে বাড়ির প্রতি তাঁর বিশেষ ভালোবাসার কথা।
শাহরুখ বলেন, ‘আমি আমার পরিবার এবং কাজকে অবশ্যই ভালোবাসি। কিন্তু পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি নিজের একটি বাড়ি।’ বাড়ির প্রতি তাঁর এই ভালোবাসা নিয়ে ছেলেমেয়েরাও প্রায়ই মজা করেন বলে জানান অভিনেতা। তাঁর কথায়, নতুন কোনো শহরে ঘুরতে গিয়ে শহরটি পছন্দ হলেই সন্তানদের বলেন, সেখানে একটি বাড়ি কিনতে হবে। জবাবে ছেলেমেয়েরা হাসতে হাসতে বলে, প্রতিটি শহরে বাড়ি কেনা সম্ভব নয়।
স্ত্রী গৌরীকে নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন শাহরুখ। নিজের অতীতের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি ভাগ্যবান। গৌরীকে বিয়ে করার আগ পর্যন্ত আমার নিজের কোনো বাড়ি ছিল না।’
অল্প বয়সেই বাবা-মাকে হারিয়েছিলেন শাহরুখ। জীবনের সেই সময় নিজের একটি বাড়ি না থাকার অভাব তাঁকে কতটা ভাবাত, অনুষ্ঠানে সে কথাও স্মরণ করেন তিনি।
শাহরুখ জানান, গৌরীর সঙ্গে প্রথম যে বাড়িটি কিনেছিলেন, সেটিও তাঁদের আর্থিক সামর্থ্যের বাইরে ছিল। পরবর্তী সময়ে স্বপ্নের বাড়ি মান্নাত কেনার ক্ষেত্রেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁদের।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গৌরী আর আমি যখন প্রথম বাড়ি কিনেছিলাম, সেটি আমাদের সামর্থ্যের বাইরে ছিল। এমনকি সর্বশেষ যে বাড়িটি কিনেছি, অর্থাৎ মান্নাত, সেটিও আমাদের সামর্থ্যের বাইরে ছিল।’
যারা নিজের স্বপ্নের বাড়ি কেনার আশা করছেন, তাঁদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, মন থেকে স্বপ্নের বাড়ির জন্য প্রার্থনা করলে সৃষ্টিকর্তা অবশ্যই সাহায্য করবেন। নিজের ওপর এবং সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সিনেমা ‘রইস’ ও ‘ওম শান্তি ওম’-এর সংলাপ শুনিয়ে দর্শকদের আনন্দ দেন শাহরুখ। পরে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানের তালে নাচতেও দেখা যায় তাঁকে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ আরও অনেকে।

