ট্রাক চালকদের প্রশিক্ষণের আদর্শমান চালু করছে অন্টারিও

ট্রাক চালকদের প্রশিক্ষণের আদর্শমান চালু করছে অন্টারিও - the Bengali Times
পরিবহনমন্ত্রী প্রাবমিত সরকারিয়া জানিয়েছেন অডিটর জেনারেলের দেওয়া সুপারিশগুলোর একটি বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন প্রশিক্ষণ কাঠামো তৈরি করা হচ্ছে

অন্টারিওতে বাণিজ্যিক ট্রাক চালকদের প্রশিক্ষণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে প্রাদেশিক সরকার। আগামী বছর থেকে ট্রাক চালকদের প্রশিক্ষণ দেওয়া সব প্রতিষ্ঠানকে নতুন একটি বাধ্যতামূলক কারিকুলাম অনুসরণ করতে হবে।

অডিটর জেনারেলের এক প্রতিবেদনে প্রদেশের বর্তমান বাণিজ্যিক ট্রাক চালক প্রশিক্ষণ ও লাইসেন্সিং ব্যবস্থার তদারতি নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স দেওয়ার পুরো প্রক্রিয়া যথাযথভাবে মনিটর করতে ব্যর্থ হয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

- Advertisement -

পরিবহনমন্ত্রী প্রাবমিত সরকারিয়া জানিয়েছেন, অডিটর জেনারেলের দেওয়া সুপারিশগুলোর একটি বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন প্রশিক্ষণ কাঠামো তৈরি করা হচ্ছে। তাঁর ভাষায়, নতুন কারিকুলাম চালু হলে প্রশিক্ষণ প্রদানকারী সব প্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন মানদণ্ড নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন প্রশিক্ষণ কর্মসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করার কথা ভাবছে প্রদেশ। এর মধ্যে রয়েছে চালকদের অবসাদ বা ক্লান্তি ব্যবস্থাপনা, উত্তরাঞ্চলের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় ট্রাক চালানোর বিষয়ে বিশেষ প্রশিক্ষণ এবং মানবপাচার সম্পর্কে সচেতনতা।

এ ছাড়া বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য এয়ার ব্রেক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। ভারী যানবাহন পরিচালনার ক্ষেত্রে এয়ার ব্রেক ব্যবস্থার সঠিক ব্যবহার ও নিরাপত্তা সম্পর্কে চালকদের দক্ষতা বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।

অডিটর জেনারেল শেলি স্পেন্সের প্রতিবেদনে অবশ্য বর্তমান প্রশিক্ষণ ব্যবস্থার বেশ কিছু দুর্বলতার কথা উঠে এসেছে। কিছু ক্যারিয়ার কলেজে প্রশিক্ষণের নির্ধারিত সময় কমিয়ে দেওয়া এবং চালকদের অর্জিত দক্ষতার মান কমে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই খাতের ওপর দায়িত্ব থাকা দুটি প্রাদেশিক মন্ত্রণালয়ের তদারতিও পর্যাপ্ত ছিল না। ফলে প্রশিক্ষণের মান প্রতিষ্ঠানভেদে ভিন্ন হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নতুন কারিকুলাম চালুর মাধ্যমে অন্টারিও সরকার বাণিজ্যিক ট্রাক চালকদের প্রশিক্ষণে একটি অভিন্ন ও শক্তিশালী মানদণ্ড প্রতিষ্ঠা করতে চায়। সরকারের আশা, এর ফলে চালকদের দক্ষতা বাড়ার পাশাপাশি সড়ক নিরাপত্তাও আরও জোরদার হবে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles