
চতুর্থ পর্যায়ের কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয়েছিল অন্টারিওর বাসিন্দা স্টিভ স্ল্যাককে। প্রদেশের মেডিকেল ল্যাবরেটরিগুলোতে দক্ষ টেকনোলজিস্টের সংকটকে এই বিলম্বের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য খাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বোনভিলের নিজ বাড়ি থেকে বুধবার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে স্ল্যাক বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর তাঁর এবং পরিবারের ওপর দিয়ে যে পরিস্থিতি গেছে, তা ছিল ভয়াবহ। স্ত্রী ও সন্তানদের জন্য সময়টি ছিল অত্যন্ত আতঙ্কের। চিকিৎসকদের কাছ থেকে তাঁরা এমন কথাও শুনেছিলেন যে, স্ল্যাকের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই।
২০২১ সালে ৪৮ বছর বয়সে তাঁর চতুর্থ পর্যায়ের কোলন ক্যানসার ধরা পড়ে। ওই সময় তাঁর ক্যানসারের ধরন অনুযায়ী বেঁচে থাকার হার ছিল মাত্র ১০ শতাংশ। স্ল্যাক জানান, তাঁর টিউমারের নমুনা আরও বিস্তারিত পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এর মাধ্যমে ক্যানসার বিশেষজ্ঞরা জানতে চেয়েছিলেন, কেমোথেরাপির পাশাপাশি কোন ধরনের চিকিৎসা তাঁর জন্য সবচেয়ে কার্যকর হতে পারে।
কিন্তু প্রয়োজনীয় পরীক্ষার ফল পেতে তাঁকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হয়। ল্যাব টেকনোলজিস্টের অভাবের কারণে এই বিলম্ব ঘটে বলে জানান তিনি। সংশ্লিষ্ট ল্যাব পেশাজীবীদের ভাষ্য, অন্টারিওতে দীর্ঘদিন ধরেই এ ধরনের জনবল সংকট চলছে।
স্ল্যাক বলেন, শেষ পর্যন্ত পরীক্ষার ফল হাতে পাওয়ার পর জানা যায়, তাঁর টিউমারের জেনেটিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট ধরনের লক্ষ্যভিত্তিক চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে। সেই চিকিৎসা শুরু করার পর তিনি ভালো ফল পান। তবে তাঁর মতে, শুরুতেই চিকিৎসাটি নেওয়া সম্ভব হলে মূল্যবান সময় বাঁচানো যেত। প্রয়োজনীয় পরীক্ষার ফল পেতে দীর্ঘ অপেক্ষা তাঁর চিকিৎসা প্রক্রিয়াকে পিছিয়ে দিয়েছে।
মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালস অ্যাসোসিয়েশন অব অন্টারিওর (এমএলপিএও) এক সমীক্ষায় দেখা গেছে, প্রদেশের ল্যাবগুলোতে টেকনোলজিস্টের ঘাটতি কিছুটা কমেছে। সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালে ৬৮ শতাংশ ল্যাব তাদের প্রতিষ্ঠানে টেকনোলজিস্টের ঘাটতির কথা জানিয়েছিল। ২০২৬ সালে এই হার কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। পরিসংখ্যানে উন্নতির ইঙ্গিত থাকলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গুরুত্বপূর্ণ রোগনির্ণয় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হওয়া স্ল্যাকসহ অনেক রোগী চান, সরকার যেন এই সংকট মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নেয়।
এ বিষয়ে অন্টারিওর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ডায়াগনস্টিকস খাতে টেকনোলজিস্টসহ বিভিন্ন পেশাজীবীর জন্য অতিরিক্ত ৭০০টি প্রশিক্ষণ আসন যুক্ত করেছে প্রাদেশিক সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনুদান কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। অন্যান্য প্রদেশে প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবীদেরও অন্টারিওতে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে।
তবে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের কাছে এখন বড় প্রশ্ন, এসব উদ্যোগের সুফল কত দ্রুত রোগীদের কাছে পৌঁছাবে। কারণ, ক্যানসারের মতো জটিল রোগের ক্ষেত্রে রোগনির্ণয় ও চিকিৎসা শুরুর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। স্টিভ স্ল্যাকের অভিজ্ঞতা সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে।

