হাসপাতাল পরিচালনা করায় কত খরচ?

হাসপাতাল পরিচালনা করায় কত খরচ? - the Bengali Times
কানাডার স্বাস্থ্যসেবা খাতে হাসপাতালগুলোর বিজ্ঞাপন ও বিপণন কার্যক্রম আরও বাড়বে বলে মনে করছেন বিপণন বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যসেবা খাতের কর্মকর্তারা

টরন্টোতে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক (ইউএইচএন) টানা আটবার কানাডার সেরা হাসপাতাল নির্বাচিত হওয়ার খবর এখন অনেকের কাছেই পরিচিত। নিউজউইকের হাসপাতাল র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনও নজর কেড়েছে সাধারণ মানুষের। তবে হাসপাতালের নিজেদের সাফল্য প্রচারের এই প্রবণতা শুধু পরিচিতি বাড়ানোর জন্য নয়, এর পেছনে রয়েছে বাড়তি অর্থ সংগ্রহের প্রয়োজন।

কানাডার স্বাস্থ্যসেবা খাতে হাসপাতালগুলোর বিজ্ঞাপন ও বিপণন কার্যক্রম আরও বাড়বে বলে মনে করছেন বিপণন বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যসেবা খাতের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে হাসপাতালগুলোর মধ্যে এ ধরনের প্রচারণা আগে থেকেই প্রচলিত। এবার কানাডাতেও সেই প্রবণতা জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে।

- Advertisement -

এর অন্যতম কারণ, মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে জটিল ও ব্যয়বহুল চিকিৎসার চাহিদাও বাড়ছে। আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে একদিকে যেমন দক্ষ চিকিৎসক ও বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে হচ্ছে, অন্যদিকে প্রয়োজন হচ্ছে সর্বাধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও চিকিৎসা প্রযুক্তিতে বিনিয়োগ।

এ ধরনের সরঞ্জাম কেনার খরচও কম নয়। একটি এমআরআই স্ক্যানারের দাম প্রায় ২ লাখ থেকে ১০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। অন্টারিওতে ২০২২ সালে হাসপাতালগুলোতে ২৭টি নতুন এমআরআই স্ক্যানার পরিচালনার জন্য প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ২ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে এসব যন্ত্র কেনার আর্থিক দায়িত্ব ছিল হাসপাতালগুলোর নিজেদের ওপর।

এ পরিস্থিতিতে সরকারি বরাদ্দের বাইরে অর্থ সংগ্রহ হাসপাতালগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দাতাদের অনুদান, তহবিল সংগ্রহের প্রচারণা এবং নিজেদের সাফল্য তুলে ধরার মাধ্যমে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য যোগাযোগ বিশেষজ্ঞ মেলিসা কে. ব্লেয়ার সম্প্রতি ‘হোয়াইট কোট, ব্ল্যাক আর্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে না পারলে হাসপাতালগুলোর উন্নয়ন ও সম্প্রসারণের সুযোগ সীমিত হয়ে পড়বে।

হাসপাতালের বিজ্ঞাপন তাই কেবল সুনাম প্রচারের মাধ্যম নয়; বরং আধুনিক চিকিৎসাসেবা চালু রাখা, নতুন প্রযুক্তি কেনা এবং দক্ষ জনবল ধরে রাখার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের কৌশল হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে আগামী দিনে কানাডার স্বাস্থ্যসেবা খাতে হাসপাতালগুলোর বিপণন ও প্রচারণা আরও দৃশ্যমান হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles