
ছোট পর্দার পরিচিত মুখ কেয়া পায়েল এবার নাম লেখালেন ওটিটিতে। জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ছবির মাধ্যমে তাঁর অভিষেক হচ্ছে এই মাধ্যমে। এতে প্রথমবারের মতো আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় চরকিতে মুক্তি পাবে ছবিটি।
প্রথম ওয়েব ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত কেয়া পায়েল। তাঁর ভাষ্য, ওটিটিতে কাজের প্রস্তাব আগে অনেক এলেও নিজের জন্য আলাদা কিছু খুঁজছিলেন তিনি। এমন একটি গল্প ও চরিত্র চেয়েছিলেন, যেখানে নাটকের পরিচিত চরিত্রগুলোর বাইরে দর্শক তাঁকে নতুনভাবে দেখতে পাবেন। ‘হ্যাপিলি ম্যারিড’ সেই সুযোগ তৈরি করেছে বলেই মনে করেন অভিনেত্রী।
ছবির গল্প আবর্তিত হয়েছে আধুনিক সময়ের জটিল সামাজিক ও মানসিক টানাপোড়েনকে ঘিরে। সহজ-সরল ও সৎ যুবক আনিসের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে, উচ্চবিত্ত শহুরে জীবনে বেড়ে ওঠা এবং সামাজিক যোগাযোগমাধ্যম, তারকাখ্যাতি ও ভার্চুয়াল দুনিয়ার প্রতি আকৃষ্ট তরুণী অনামিকার চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।
আরিফিন শুভর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়েও প্রশংসায় পঞ্চমুখ কেয়া। তিনি বলেন, শুরুতে শুভর অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা নিয়ে কিছুটা ভাবনা থাকলেও কাজ শুরু করার পর তা আর মনে হয়নি। সহশিল্পী হিসেবে শুভকে আন্তরিক, পেশাদার ও সহযোগিতাপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে পর্দায় বহুবার বউ সাজলেও বাস্তব জীবনে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি কেয়া পায়েল। চলতি বছরের জুলাইয়ে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এরপর ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারের সময় বউ সাজা ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন ‘হ্যাপিলি ম্যারিড’। তাতেই অনেকের ধারণা হয়েছিল, হয়তো সত্যিই বিয়ে করে ফেলেছেন অভিনেত্রী।
তবে সেটি ছিল ওয়েব ছবির প্রচারণার অংশ। বাস্তবে বিয়ে নিয়ে কেয়া পায়েলের পরিকল্পনাও বেশ মজার। কবে বিয়ে করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে অবশ্যই করবেন। তবে তিনি ভাগ্যে বিশ্বাস করেন। আর তাঁর মনে হয়, তাঁর বিয়েটা হুট করেই হয়ে যেতে পারে।

