
মার্শাল আর্ট নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা—‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে গিয়ে এই শিল্পের প্রতি এতটাই মুগ্ধ হয়েছেন তিনি যে, এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেছে নিতে চান অভিনেত্রী।
পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ তৈরি হয়েছে অ্যাকশন ও কল্পবিজ্ঞানের মিশেলে। এতে শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভিআর দিনেশ ও আরিয়া। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শোভিতাকে। চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবেই তাকে মার্শাল আর্ট শিখতে হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শোভিতা। তিনি জানান, এই সিনেমার মাধ্যমেই প্রথমবার মার্শাল আর্টের সঙ্গে পরিচয় হয় তার। প্রশিক্ষণের সময় ভারতের ঐতিহ্যবাহী বিভিন্ন মার্শাল আর্টের প্রতিও আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কলারিপায়াত্তু ও মল্লখম্বের কথা উল্লেখ করেন অভিনেত্রী।
শোভিতার কাছে মার্শাল আর্ট শুধু সিনেমার প্রস্তুতি কিংবা শরীরচর্চার বিষয় হয়ে থাকেনি। অনুশীলনের মাধ্যমে মানসিক চাপ ও অস্বস্তি কমেছে বলেও জানান তিনি। শারীরিক ফিটনেসের পাশাপাশি নিজের ভেতরেও এক ধরনের পরিবর্তন অনুভব করেছেন অভিনেত্রী।
শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে এখন কোনটিকে বেছে নেবেন?
উত্তরে অভিনেত্রী জানান, এমন সিদ্ধান্ত তাকে নিতে হবে—তা আগে ভাবেননি। তবে মার্শাল আর্ট অনুশীলন তাকে যেভাবে চাপমুক্ত করেছে, সেটি তার বেশ ভালো লেগেছে। তাই এখন নাচের বদলে মার্শাল আর্টকেই বেছে নেওয়ার কথা বলেন তিনি।
এরপরই মজার ছলে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
তার এই মন্তব্যে যেমন রসিকতা ছিল, তেমনি মার্শাল আর্টের মতো শারীরিক কৌশলভিত্তিক শিল্পে নারীদের অংশগ্রহণের বিষয়টিও উঠে এসেছে।
‘ভেট্টুভাম’-এর গল্পে তিনটি ভিন্ন সময়কে একটি অভিন্ন সূত্রে যুক্ত করা হয়েছে। অতীতের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কীভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের পথ তৈরি করে, সিনেমাটিতে তা তুলে ধরা হবে। গল্পে মার্শাল আর্ট ও ঐতিহ্যের যোগসূত্রও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব। চিত্রগ্রহণে রয়েছেন রূপেশ শাজি, সম্পাদনায় সেলভা আরকে এবং শিল্প নির্দেশনায় এস এস মূর্তি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ।
চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ভেট্টুভাম’-এর।

