
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাঁর গ্রেপ্তার সমর্থন করে শুনানি করেন।
এর আগে রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে আটক করা হয়। মামলাটির কারণে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল বলে জানা গেছে।
পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। প্রথম দিকে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটি নিয়ে নানা আলোচনা ও তদন্ত হয়েছে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় ডনকে এজাহারভুক্ত চার নম্বর আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হক, তাঁর মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

