সালমানের ভয়ে ঐশ্বরিয়ার জন্য নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী

সালমানের ভয়ে ঐশ্বরিয়ার জন্য নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী - the Bengali Times
বলিউডের অন্যতম আলোচিত প্রেমের সম্পর্ক ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের

বলিউডের অন্যতম আলোচিত প্রেমের সম্পর্ক ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের। সেই সম্পর্কের তিক্ততা এবং বিচ্ছেদের পর নানা ঘটনা নিয়ে বহু আলোচনা হয়েছে। এবার নতুন করে আলোচনায় এসেছে ঐশ্বরিয়ার নিরাপত্তার বিষয়টি। সালমান খানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতে একসময় বিশেষভাবে দেহরক্ষী নিয়োগ করা হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রীর সাবেক নিরাপত্তাকর্মী কেতন কারান্দে।

সম্প্রতি ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন জানান, সালমানের কারণে ঐশ্বরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে মাত্র সাত দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তার দায়িত্ব ছিল ঐশ্বরিয়াকে বাড়ি থেকে নিয়ে সিনেমার শুটিংয়ে পৌঁছে দেওয়া এবং নিরাপদে ফিরিয়ে আনা।

- Advertisement -

২০০২ সালে রোহন সিপ্পির পরিচালনায় ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং করছিলেন ঐশ্বরিয়া। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। সাংবাদিক কাভেরী বামজাইয়ের লেখা ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে উল্লেখ করা হয়েছে, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার অভিনয় মেনে নিতে পারেননি সালমান।

সেই সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করে কেতন বলেন, একদিন একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার পর ঐশ্বরিয়াকে নিয়ে ফিরছিলেন তিনি। পথে সালমান খানের মুখোমুখি হন তারা। কেতনের দাবি, সালমান অনেক সময় মদ্যপ অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে ঢুকে পড়তেন। এমন পরিস্থিতিতে কোনো ধরনের ঝামেলায় না জড়িয়ে ঐশ্বরিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে আসতেন তিনি।

ফ্যাশন শো থেকে ফেরার পথে সালমানকে সামনে দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন কেতন। ওই ঘটনার পরই তিনি দেহরক্ষীর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

চাকরি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেতন জানান, তিনি সালমান ও ঐশ্বরিয়া দুজনেরই ভক্ত ছিলেন। তাই তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নিজেকে জড়াতে চাননি।

এদিকে ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্কের বিরোধের প্রভাব বলিউডের একাধিক সিনেমার কাজেও পড়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কাভেরী বামজাইয়ের বইয়ে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমার শুটিং বন্ধ হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

বইয়ের বর্ণনা অনুযায়ী, একবার সিনেমাটির শুটিং সেটে গিয়ে অস্থির পরিস্থিতি তৈরি করেন সালমান। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলা সেই পরিস্থিতির কারণে পরিচালক আজিজ মির্জাকে শুটিং বন্ধ করতে হয়। পরবর্তী সময়ে সিনেমাটি থেকে ঐশ্বরিয়াকে বাদ দেওয়া হয়। এ ঘটনার প্রভাব শাহরুখের ‘বীর-জারা’ ও ‘ম্যায় হুঁ না’ সিনেমার কাজেও পড়েছিল বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) ও ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও ঐশ্বরিয়া। দীর্ঘদিন আগেই তাদের সম্পর্কের ইতি ঘটেছে। সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট টু’ সিনেমায় নন্দিনী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন ঐশ্বরিয়া। অন্যদিকে সালমান খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে।

- Advertisement -

Related Articles

Latest Articles