ঘটনাগুলো মনে পড়লে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাই : পরীমণি

ঘটনাগুলো মনে পড়লে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাই : পরীমণি - the Bengali Times
চিত্রনায়িকা পরীমণি

আলোচিত বোটক্লাবকাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আদালতে হাজির হয়ে নিজের মানসিক কষ্টের কথা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

রোববার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমণির জেরার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ের পরে আদালতে উপস্থিত হওয়ায় এদিন তাঁর জেরা শুরু করা সম্ভব হয়নি। পরে আদালত আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করেন।

- Advertisement -

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমণি বলেন, মামলার তারিখ এলে পুরোনো ঘটনাগুলো আবার মনে পড়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর ভাষায়, এসব ঘটনা মনে করা তাঁর জন্য এক ধরনের মানসিক যন্ত্রণা।

পরীমণি বলেন, তিনি যত দ্রুত সম্ভব মামলার জেরা শেষ করে একটি সুরাহা চান। দীর্ঘ পাঁচ বছর ধরে আদালতে আসা-যাওয়া তাঁর জন্য বেশ কষ্টকর হয়ে উঠেছে। সন্তানদের দেখাশোনা ও পারিবারিক নানা দায়িত্ব সামলে আদালতে হাজির হওয়াও তাঁর জন্য চাপের বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আইনকে শ্রদ্ধা করেন বলেই এত বছর ধরে অপেক্ষা করছেন। মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর বন্ধু অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি।

তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। একই বছরের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

পরবর্তীতে আদালতে জবানবন্দি দিতে পরীমণি অস্বস্তি প্রকাশ করলে তাঁর আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ পরিচালনার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। গত বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় পরীমণির জবানবন্দি রেকর্ড শেষ হয়।

মামলাটির বিচার দ্রুত শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন পরীমণি।

- Advertisement -

Related Articles

Latest Articles