
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটির কিছু সমর্থকের সমালোচনা করে মন্তব্য করেছেন। একই সঙ্গে ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নিজের তুলনা টেনে এনসিপিকে পরোক্ষভাবে ‘খোঁচা’ দিয়েছেন তিনি।
রোববার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তাসনিম জারা জানান, এনসিপির কিছু সমর্থক তাকে ‘ফুটবলের এমবাপ্পে’ বলে অভিহিত করছেন। বিষয়টি তাকে বিস্মিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, “গত কয়েক মাস ধরে এই একই মানুষগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। সেখানে হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে এলো, সেটাই ভাবছি।”
এমবাপ্পের সাম্প্রতিক ক্লাব পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “এই গল্পে কোন দলটা পিএসজি, আর রিয়াল মাদ্রিদই বা কে?”
তাসনিম জারা বলেন, পিএসজি একটি সফল ও চ্যাম্পিয়ন দল, অন্যদিকে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করেছে। তিনি দাবি করেন, নির্বাচনে বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮টি এবং এনসিপি মাত্র ৬টি আসন পেয়েছে।
তিনি আরও লেখেন, “একটি চ্যাম্পিয়ন দল আর মাত্র ৬ আসন পাওয়া দলের মধ্যে তো তুলনা করা যায় না, তাই না?”
পোস্টের শেষাংশে তিনি বলেন, যদি তার সমর্থকেরা ঢাকা-৯ আসনের জনগণকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করে থাকেন, তাহলে সেটি তার জন্য সম্মানের বিষয়। কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনের জনগণই তার একমাত্র রাজনৈতিক শক্তি ও ভরসা।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাকালীন সময়ে তাসনিম জারা দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

