
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের সময় ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখনো নতুন করে কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়নি। যদিও বিষয়টি ভারতের দূতের সঙ্গে একাধিক বৈঠকে মৌখিকভাবে উত্থাপন করা হয়েছে।
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৭ বছরে ওঠা বিভিন্ন অভিযোগ এবং অন্যান্য অভিযুক্তদের বিষয়েও আলোচনা হয়েছে।
আনুষ্ঠানিক চিঠি না পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “বিষয়টি ইতোমধ্যে চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।”
এছাড়া তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং এ ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
অন্যদিকে, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে শিগগিরই এ অ্যাক্সেস পাওয়া যাবে বলে আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানান প্রতিমন্ত্রী।

